নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব ঠিক থাকলে কালীপুজোর আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এ নিয়ে নবান্নে ইতিমধ্যে একটি বৈঠকও হয়েছে বলে খবর। শনিবার এসএসসি সূত্রে খবর, তারা দ্রুতই পরীক্ষার ফল প্রকাশের জন্য তৈরি। প্রসঙ্গত, গ্রুপ সিতে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি। লিখিত পরীক্ষা হয় চলতি বছরের ৮ মার্চ। প্রায় ৬ লক্ষ ৮০ হাজার প্রার্থী পরীক্ষায় বসেন। নথিভুক্ত হয়েছিলেন আরও অনেক বেশি প্রার্থী। আর গ্রুপ ডি’তে শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি। পরীক্ষা নেওয়া হয় ১ মার্চ। পরীক্ষায় বসেন প্রায় ৮ লক্ষ প্রার্থী। নথিভুক্ত প্রার্থীর সংখ্যা আরও লাখ দেড়েক বেশি ছিল। দু’টি মিলিয়ে শূন্যপদ ৮,৪৭৭টি। ইতিমধ্যেই সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ফলপ্রকাশের পরে ইন্টারভিউ এবং টাইপিং দক্ষতা যাচাই, মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং করে নিয়োগ শেষ করতে অবশ্য আরও অনেক সময় লাগবে। তবে, শিক্ষাকর্মীরা চাকরিহারা হয়ে বেতনও পাচ্ছেন না। তাই তাঁদের বিষয়টি আরও মানবিকভাবে দেখার দাবি সরকারের কাছে রয়েছে শিক্ষাকর্মী পদপ্রার্থীদের।



