Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি: অযোগ্যদের তালিকায় বিজেপি সহ সভাপতির ছেলের নাম

অযোগ্য শিক্ষকদের তালিকায় ভাঙড়ের বিজেপি নেতা তথা যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডলের ছেলে অতনু মণ্ডলের নাম থাকায় শোরগোল শুরু হয়েছে।

এসএসসি: অযোগ্যদের তালিকায়  বিজেপি সহ সভাপতির ছেলের নাম
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অযোগ্য শিক্ষকদের তালিকায় ভাঙড়ের বিজেপি নেতা তথা যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডলের ছেলে অতনু মণ্ডলের নাম থাকায় শোরগোল শুরু হয়েছে। তিনি ভাঙড় এক নম্বর ব্লকের নারায়ণপুর হাইস্কুলের (ওল্ড সাইট) বাংলার শিক্ষক ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস এই নিয়ে বিরোধীদের আক্রমণ করতে ছাড়েনি। 
শনিবার রাতে এসএসসি তাদের ওয়েবসাইটে অযোগ্য শিক্ষকদের যে নামের তালিকা প্রকাশ করেছে, তাতে ২০০ নম্বরে নাম রয়েছে অতনুবাবুর। জানা গিয়েছে, ২০১৯ সালে ওই স্কুলের যোগদান করেছিলেন তিনি। এসএসসি দুর্নীতি মামলায় কোর্টের রায়ে তাঁর চাকরি যায়। তবে তিনি যোগ্য না অযোগ্য সেটা এতদিনে স্পষ্ট হল। স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, আমাদের স্কুল থেকে মোট সাতজনের চাকরি গিয়েছিল। এসএসসির তালিকা প্রকাশের পর জানা গিয়েছে যে, শুধু একজনই অযোগ্য শিক্ষক রয়েছেন। তিনি অতনু মণ্ডল। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলে অতনুবাবু ফোন ধরেননি। পরে ফোন বন্ধ করে দেন। তবে তাঁর বাবা বলেন, কী করে এই তালিকায় ছেলের নাম এসেছে জানি না। নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই চাকরি পেয়েছিল ও। ওএমআর শিটে কোনও কারচুপি হয়নি বলেই আমার বিশ্বাস। অন্য কারও সঙ্গে কোনওরকম লেনদেনও হয়নি। তালিকায় নাম আসা নিয়ে আদালতের দ্বারস্থ হব। চাকরি চলে যাওয়ার পর থেকে ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে তাই কারও সঙ্গে কথা বলছে না। একের পর এক তৃণমূলের লোকজনের নাম তালিকায় পাওয়া যেতেই বিরোধীরা সুর চড়িয়েছিল। কিন্তু খোদ বিজেপির নেতার ছেলের নাম সেই তালিকায় থাকায় তীব্র আক্রমণ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, যারা কথায় কথায় তৃণমূলের নেতাদের উপর আঙুল তোলে, তারা নিজেরা একবার আয়নায় মুখ দেখুক।

Advertisement

‘দাগী’ তৃণমূল কাউন্সিলারের ছেলেও

সংবাদদাতা, কল্যাণী: স্কুল সার্ভিস কমিশনের দেওয়া অযোগ্যদের তালিকায় চাকদহ পুরসভার এক কাউন্সিলারের ছেলের নাম রয়েছে বলে জল্পনা ছড়িয়েছে শহরে। তালিকার ১৫৩৬  নম্বরে থাকা শুভদীপ চক্রবর্তী চাকদহ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা প্রাক্তন পুরপ্রধান ও প্রাক্তন শহর সভাপতি দীপক চক্রবর্তীর ছেলে। জানা গিয়েছে, তাঁর পুত্র শুভদীপ চাকদহ ব্লকের দুবড়া কালীপদ বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক)-এর এডুকেশনের শিক্ষক ছিলেন। এই বিষয় শুভদীপের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বাবাও বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, যা বলার আগামী ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হয়ে যাওয়ার পরে বলব। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ৩ এপ্রিল থেকে শুভদীপ চক্রবর্তী স্কুলে যাচ্ছেন না। তিনি ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর নিয়োগপত্র নিয়ে ওই স্কুলে যোগ দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব ভৌমিক বলেন, শুভদীপ শিক্ষক হিসেবে ভালো ছিলেন। নিচু ও উঁচু ক্লাসে তিনি সাবলীল ভাবেই পড়াতেন। পড়ুয়াদের স্নেহ করতেন। বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। শুনেছি তিনি চাকদহের প্রাক্তন পুরপ্রধান দীপক চক্রবর্তীর পুত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ