Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিসি ক্যামেরার ফুটেজ শেয়ার চোরের নাগাল পেল গৃহকর্ত্রী

সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে স্থানীয়দের মধ্যে শেয়ার করতেই ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরে ৪ নম্বর ওয়ার্ডে। পুলিস জানিয়েছে, দু’জনকে ধরা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে

সিসি ক্যামেরার ফুটেজ শেয়ার চোরের নাগাল পেল গৃহকর্ত্রী
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে স্থানীয়দের মধ্যে শেয়ার করতেই ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরে ৪ নম্বর ওয়ার্ডে। পুলিস জানিয়েছে, দু’জনকে ধরা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা তাদের বাড়ি শিলিগুড়িতে জানিয়েছে।শুক্রবার দিনের বেলাতেই ময়নাগুড়ি শহরের সিনেমা হল মোড় সংলগ্ন এক বাড়িতে ঢুকে আলমারি খুলে টাকা নিয়ে চম্পট দেয় দুই মহিলা। তাদের সঙ্গে ছিল এক কিশোর। বাড়ির মালিকের তৎপরতায় শহরের দুর্গাবাড়ি মোড় থেকে স্থানীয়রা আটক করে অভিযুক্তদের। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। গৃহকর্ত্রী মামনি দত্ত বাজারে গিয়েছিলেন। তখন বাড়িতে ছিলেন পরিচারিকা। দুপুরে পরিচারিকা যখন বাথরুমে ছিলেন তখন টের পান ঘরে কেউ ঢুকেছে। পরিচারিকা ভেবেছিলেন গৃহকর্ত্রী এসেছেন। তিনি কয়েকবার হাঁক দিলেও কেউ উত্তর না দেওয়ায় পরিচারিকার সন্দেহ হয়। পরে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখেন ঘরের বিভিন্ন সামগ্রী তছনছ অবস্থায়। আলমারিও খোলা। তিনি দ্রুত গৃহকর্ত্রী মামনি দত্তকে ফোনে বিষয়টি জানান। 
Advertisement
মামনি দত্ত বাড়ি ফিরে আসেন। পাশের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এরপর প্রতিবেশী সহ পরিচিতদের সেই ফুটেজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ফুটেজে গৃহকর্ত্রীর মেয়ে দেবলিকা দেখেন, যারা ঘরে ঢুকেছিল তারা কামারপাড়ার দিকে গিয়েছে। এরপর তিনি পরিচিত আরও কয়েকজনকে ক্যামেরার ফুটেজ পাঠিয়ে দেন। ওই ফুটেজ দেখে স্থানীয়দের কয়েকজন চুরির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দুর্গাবাড়ি মোড় থেকে ধরে। খবর পাঠানো হয় ময়নাগুড়ি থানায়। পুলিস এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।  মামনি দত্ত বলেন, উপস্থিত বুদ্ধি খাটিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। দেখি, দু’জন মহিলা ও এক কিশোর আমাদের বাড়িতে ঢুকল। প্রায় ১৫ মিনিট পর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সেই ফুটেজ পরিচিতদের মধ্যে দ্রুত পাঠিয়ে দিই। তারপরই অভিযুক্তদের নাগাল পাই।  
Advertisement
সম্পর্কিত সংবাদ