Bartaman Logo
২৭ মে, ২০২৬

সোরেন পরিবারের সব জেএমএম প্রার্থী জয়ী, পরাস্ত বিজেপির সীতা

সোরেন পরিবারের সব জেএমএম প্রার্থী জয়ী, পরাস্ত বিজেপির সীতা
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি: ‘বান্টি অউর বাবলি’ কটাক্ষে হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে বিদ্ধ করেছিল বিজেপি। শনিবার ঝাড়খণ্ড বিধানসভার ফলপ্রকাশের পর দেখা গেল, শেষ হাসি হাসলেন এই দম্পতিই। রাজ্যে দ্বিতীয়বার ‘হেমন্তকালের’ সূচনা হল। জেএমএম-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা সোরেন পরিবারের প্রত্যেক সদস্যই জিতলেন। জয় অধরা রইল শিবু সোরেনের বড় পুত্রবধূ সীতা সোরেনের। তিনি অবশ্য লড়ছিলেন বিজেপির টিকিটে। 
Advertisement
৯৫ হাজার ৬১২ ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার কুর্সি দখলের পথে হেমন্ত। হেমন্তকালেই ইতিহাস গড়লেন তিনি। প্রথমবার কোনও বিদায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনে লড়ে  আদিবাসী প্রধান এই রাজ্যের কুর্সি দখল করলেন। অন্যদিকে, স্বামী জেলে যাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে রাজনীতির আঙিনায় পা রাখেন কল্পনা।  উপনির্বাচনে জিতে বিধায়কও নির্বাচিত হন ‘হেলিকপ্টার ম্যাডাম’। বিধানসভা নির্বাচনে জেএমএমের অন্যতম স্টার ক্যাম্পেনার ছিলেন  সোরেন পরিবারের এই বধূ। উচ্চশিক্ষিত ও  বুদ্ধিদীপ্ত কল্পনা প্রচারে ঝড় তুলেছিলেন। গান্ডে আসনে প্রথম দিকে পিছিয়ে থেকেও বিজেপির মুনিয়া দেবীকে হারিয়েছেন কল্পনা। প্রায় ১৬ হাজার ভোটে। বিজেপির সুনীল সোরেনকে হারিয়ে দুমকা কেন্দ্র থেকে জিতেছেন হেমন্তের ভাই বসন্ত সোরেন। তবে হেমন্তের বৌদি সীতা জামতারা আসনে কংগ্রেসের ইরফান আনসারির কাছে পরাজিত। 
সম্পর্কিত সংবাদ