নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্যতম ভিত নমুনা সংগ্রহের তথ্য। তাই প্রশান্তচন্দ্র মহালানবিশের ভাবনার ফসল ন্যাশনাল স্যাম্পেল সার্ভের (এনএসএস) ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠান হল। উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিসংখ্যানমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং। উপস্থিত ছিলেন অমিতাভ কান্ত, এনএসএসে’র ডিজি গীতা সিং রাঠোর। মন্ত্রী বলেন, স্বাস্থ্য হোক বা শিক্ষা, কর্মসংস্থানের মতো নানা বিষয়ে সমীক্ষার রিপোর্ট সরকারকে তার নীতি নির্ধারণে সহায়তা করে। তথ্য না থাকলে কীসের ভিত্তিতে নেওয়া যাবে সরকারি প্রকল্পের সিদ্ধান্ত। তাই নমুনা সমীক্ষার কাজ চিরকালই প্রয়োজন হবে।
Advertisement
নীতি আয়োগের প্রাক্তন সদস্য তথা জি-২০ শেরপা অমিতাভ কান্ত সমীক্ষার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে জোর দেওয়ার পরামর্শ দেন। সেই মতো সরকারও এবার তথ্য সংগ্রহের কাজে এআই’য়ের উপর জোর দেবে বলেই জানা গিয়েছে। বিজ্ঞান ভবনের ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন অতনু হাইত, তুহিন দত্তর মতো কেন্দ্রীয় সরকারি সমীক্ষকরা। গোটা দেশ থেকে প্রায় ১২০০ সমীক্ষক উপস্থিত ছিলেন। জেলা, ব্লকস্তরে আধুনিক যন্ত্রর মাধ্যমে তাঁদের সমীক্ষার কাজে জোর দেওয়ার পাশাপাশি নিঁখুত তথ্য সংগ্রহই সরকারের লক্ষ্য বলেই অনুষ্ঠানে জানানো হয়।



