সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল ব্লক প্রশাসনের নাম করে এক ব্যক্তিকে আবাস যোজনার টাকা ঢোকার কথা বলে ব্যাঙ্ক অ্যকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে ছ’হাজার টাকা গায়েব করার অভিযোগ উঠল। এনিয়ে গাজোলের বিধানপল্লির বাসিন্দা বিপ্লব চট্টোপাধ্যায় বৃহস্পতিবার মালদহ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। এদিকে প্রতিক্রিয়া নিতে অভিযুক্তকে ফোন করা হলেও সে উত্তর এড়িয়ে গিয়েছে। উল্টে গালিগালাজ করে।
Advertisement
বিপ্লববাবু বলেন, আমাদের পাকা বাড়ি নেই। দু’দিন আগে গাজোল ব্লক প্রশাসনের কর্মী পরিচয় দিয়ে একজন ফোন করে। সে জানায় আমার মা আবাস যোজনার ঘর পেয়েছেন। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। কিন্তু মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এরপর ভিডিও কল করার কথা বলে ইউপিআই নম্বর চাওয়া হয়। অভিযুক্ত আর ফোন করেনি। সেজন্য এদিন সকালে আমি তার নম্বরে পাল্টা ফোন করি। ফোনের মাধ্যমে ওই ব্যক্তি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ একাধিক তথ্য নেয়। পরে আমার মোবাইলে ওটিপি আসে। সেটি জানিয়ে দিই। তারপর দেখি আমার অ্যাকাউন্টে থাকা ছ’হাজার টাকা গায়েব। আমাকে বলা হয় মোট ৬০ হাজার টাকা ঢুকবে। সেজন্য সব তথ্য আমি দিয়েছি। প্রথম স্মার্ট ফোন ব্যবহার করছি, সেজন্য কিছু বুঝতে পারিনি। মালদহ সাইবার ক্রাইম থানার এক আধিকারিক বলেন, তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে। গাজোলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বলেন, ব্লক প্রশাসনের তরফে এমন ফোন কাউকে করা হয় না। সাইবার ক্রাইম থানা বিষয়টি খতিয়ে দেখুক।



