Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি আবাসনের তথ্য তলব হাইকোর্টের

সরকারি আবাসনের তথ্য তলব হাইকোর্টের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্যের সরকারি আবাসন দখল করে ব্যবসা করার অভিযোগে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই বিষয়ে রাজ্যের আবাসন দপ্তরের সচিবকে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। জানতে চাওয়া হয়েছে কলকাতায় সরকারি আবাসনগুলির কত শতাংশ ফাঁকা রয়েছে। এই রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। দুর্গাপুরে একটি সরকারি আবাসন প্রাইভেট কোম্পানিকে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। সেখানে বলা হয়, সরকারি আবাসন যেগুলি কর্মীদের পাওয়ার কথা, সেগুলিতে বেসরকারি কোম্পানি ব্যবসা করছে। তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। এরকমভাবে প্রায় ৯১টি ফ্ল্যাট বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও এই বিষয়ে বেসরকারি সংস্থার আইনজীবী জানান, ইতিমধ্যে ৮৯টি ফ্ল্যাট ফেরত দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের কর্মচারীরা প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূর থেকে আসেন। ট্রেন এবং বাসের সমস্যা হলে তাঁদের পৌঁছতে দেরি হয় । এ ক্ষেত্রে তাঁরা সরকারি আবাসন পাওয়ার যোগ্য। দূরে থাকেন বলে সময়মতো তাঁরা হাইকোর্টে পৌঁছতে পারেন না ।
Advertisement
প্রধান বিচারপতির সুপারিশ, কলকাতার বুকে সরকারি আবাসন থেকে অন্তত ১৫০টি ফ্ল্যাট কলকাতা হাইকোর্টের জন্য বরাদ্দ করা হোক। এরপরই তিনি নির্দেশে উল্লেখ করেন, কলকাতার বুকে কত সরকারি ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে কতগুলিতে কর্মরত অফিসার এবং কর্মচারীরা রয়েছেন, তা হলফনামা দিয়ে জানাতে হবে সচিবকে। এছাড়াও, রাজ্যের সমস্ত সরকারি আবাসন কোন অবস্থায় আছে এবং সেগুলিতে কতজন কর্মরত সরকারি কর্মচারী বা দখলদার রয়েছেন তার বিস্তারিত তথ্যও হাইকোর্টে জমা দিতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ