Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

শ্রীকৃষ্ণ

সঞ্জয় ধৃতরাষ্ট্রের দূত হয়ে যুধিষ্ঠিরকে তিরস্কার করতে এসেছিলেন। ফিরে গেলেন শ্রীকৃষ্ণেরই দূত হয়ে—তাঁর মাহাত্ম্যপ্রচারের মাধ্যম হয়ে। স্বয়ং শ্রীকৃষ্ণ দূত হয়ে আসবেন—এই ভাবনা তাঁকে আপ্লুত করেছে; তিনি শ্রীকৃষ্ণের আগমনের পথ প্রশস্ত করলেন কৌরবসভায়।

শ্রীকৃষ্ণ
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় ধৃতরাষ্ট্রের দূত হয়ে যুধিষ্ঠিরকে তিরস্কার করতে এসেছিলেন। ফিরে গেলেন শ্রীকৃষ্ণেরই দূত হয়ে—তাঁর মাহাত্ম্যপ্রচারের মাধ্যম হয়ে। স্বয়ং শ্রীকৃষ্ণ দূত হয়ে আসবেন—এই ভাবনা তাঁকে আপ্লুত করেছে; তিনি শ্রীকৃষ্ণের আগমনের পথ প্রশস্ত করলেন কৌরবসভায়। এদিকে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে দূত-রূপে পাঠানোর জন্য তৎপর হলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ দৌত্য স্বীকার করেছেন। সকলে তাঁর কাছে গেলেন এবং তাঁকে পরামর্শ দিলেন—নিজ নিজ বিচারবুদ্ধি অনুসারে। অদ্ভুত নীরবতা এবং স্থৈর্যের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রথমে শুনলেন তাঁদের কথা এবং তারপর নির্মল বুদ্ধি দিয়ে তাঁদের বাক্যের অসারত্ব দেখালেন। যেমন, যুধিষ্ঠির বললেন: কৃষ্ণ, লোভী ধৃতরাষ্ট্র আপন ধর্ম দেখছেন না; পুত্রদের স্বার্থই দেখছেন; আমাদের সঙ্গে মিথ্যা ব্যবহার করছেন। পাঁচখানা গ্রাম চেয়েছি। যুদ্ধটা পাপজনক। রাজ্যত্যাগও করতে চাই না, আবার যুদ্ধ করে কুলক্ষয় করার ইচ্ছাও নেই।... সুতরাং সন্ধি কামনা করেই শান্তির চেষ্টা কর। তুমি বল কী করে আমরা স্বার্থ, ধর্ম থেকে বিচ্যুত না হই—‘কথং অর্থাৎ চ ধর্মাৎ চ ন হীয়েমহি মাধব!’ শ্রীকৃষ্ণ উত্তরে বললেন: ধর্মরাজ, ধর্ম এবং অর্থ রক্ষার্থেই আমি কৌরবসভায় গমন করব। শ্রীকৃষ্ণের সেখানে অপমান হতে পারে—যুধিষ্ঠির একথা ব্যক্ত করলে তিনি বললেন: আমার গমনটি নিরর্থক হবে না। আমি সন্ধির জন্য গেলে উপস্থিত রাজারা আমার আর নিন্দা করতে পারবে না। আমার কোন ক্ষতিও করতে পারবে না। ক্রুদ্ধ সিংহের সামনে যেমন পশুরা ছত্রভঙ্গ হয়, তেমনি আমি ক্রুদ্ধ হলে সেখানে সমবেত রাজারাও একজোট হয়ে থাকতে পারবেন না—‘ক্রুদ্ধস্য সম্মুখে স্থাতুং সিংহস্য ইব ইতরে মৃগাঃ।’ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সত্যিই, শ্রীকৃষ্ণ সম্মুখে থাকাতে কখনোই কৌরবপক্ষের বড় বড় যোদ্ধারাও সম্মিলিত হয়ে থাকতে পারেননি। যুধিষ্ঠির বললেন: (ক) তুমি আমাদের জান, (খ) কৌরবদের জান, (গ) প্রয়োজন জান এবং (ঘ) কথা বলতেও জান। শ্রীকৃষ্ণ বললেন: হ্যাঁ, সব জানি। এও জানি যে, (১) যাবজ্জীবন বনবাস ক্ষত্রিয়ের ধর্ম নয়, (২) আর ক্ষত্রিয় ভিক্ষাবৃত্তি করবেন না।... ভীষ্ম, দ্রোণ—এঁদের সামনেই দুর্যোধন আপনাকে প্রতারণা করল; তাতে সে এতটুকুও লজ্জিত হয়নি। তার ওপর আপনার আর স্নেহ কেন? আপনার নাম-গোত্র সবই তো মুছে দিতে চেয়েছে সে। আপনাদের গরু বলে সম্বোধন করেছে, বীর্যহীন বলেছে। সুতরাং দুর্যোধন বধ্য, সে দুর্জন। আমার কৌরবসভায় একটাই কাজ, দুর্যোধন সজ্জন না দুর্জন—এবিষয়ে যাদের দ্বিধাভাব আছে তাদের সেই সন্দেহ আমি দূর করব। শেষ কথা বলি, আপনি যুদ্ধের জন্যই তৈরি হোন; শান্তির জন্য নয়। ভ্রান্ত ধারণা দূর করুন।

Advertisement

এবার ভীম উপদেশ দিতে এলেন: কৃষ্ণ, যেভাবে কৌরবদের শান্তি হয়, সেভাবেই বলবে। যুদ্ধের ভয় দেখিও না তাদের। দুর্যোধনকে রুক্ষ কথা বলো না। মধুর বাক্যে আলাপ করবে। কৃষ্ণ, আমরা নীচে থেকে, অবনত হয়ে দুর্যোধনকেই অনুসরণ করব। যুদ্ধের ফলে ভরত বংশটা যেন নষ্ট না হয়।—এ আমরা কী শুনলাম! ভূতের মুখে রামনাম যেন! 
স্বামী সুপর্ণানন্দের ‘প্রসঙ্গ মহাভারত’ থেকে

Advertisement
সম্পর্কিত সংবাদ