নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারদাকর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে কতগুলি মামলা এখনও বিচারাধীন রয়েছে, রাজ্যের কাছে সেই তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে রিপোর্ট দিতে হবে। কলকাতার তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো সুদীপ্ত সেনের একটি চিঠির ভিত্তিতে যে মামলা হয়েছিল, তার শুনানিতেই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিটফান্ড কেলেঙ্কারির জেরে ২০১৩ সালে গ্রেপ্তার হন সুদীপ্ত। সেই থেকেই তিনি জেলবন্দি। তাঁর বিরুদ্ধে বহু মামলা হয়েছে। বেশ কিছু মামলায় জামিনও পেয়ে গিয়েছেন তিনি। ২০২০ সালে সুদীপ্ত প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কারাদপ্তর মারফত কলকাতার তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটি ১৮ পাতার চিঠি দিয়েছিলেন। সেই চিঠি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল বিধাননগরের এমপি-এমএলএ আদালত। এদিন সেই চিঠির প্রেক্ষিতে হওয়া মামলার শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ডিভিশন বেঞ্চ।



