নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় মান নিরূপক সংস্থা ন্যাকের কাছ থেকে ‘এ+’ গ্রেড পেল রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলেজটি। পৃথিবীর প্রথম স্বাধীন সন্ন্যাসিনী সঙ্ঘ শ্রীসারদা মঠের অধীনে ১৯৬১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত ফি ছাড়াই সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কন, কারাটে, যোগব্যায়াম প্রভৃতি শেখার সুযোগ রয়েছে। এছাড়া, বাধ্যতামূলকভাবে শিখতে হয় কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ। স্কুলে রয়েছে ভেষজ বাগান, সব্জি বাগান এবং ফুলবাগান। ছাত্রীদের সবুজ সংরক্ষণে উৎসাহিত করা হয়। ১৮০ জন ছাত্রীর জন্য রয়েছে হস্টেলও। ন্যাকের পরিদর্শকরা কলেজকে নারীশিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন। নাগেরবাজার সংলগ্ন এলাকায় বাগজোলা খাল এবং দূষিত পরিবেশের মধ্যে বহু বৃক্ষরাজি নিয়ে এক টুকরো সবুজ মরূদ্যানের মতো রয়েছে কলেজটি। সেটিও পরিদর্শকদের নজর কেড়েছে। ন্যাকের কাছ থেকে মোট ৩.৪৫ সিজিপিএ স্কোর অর্জন করেছে কলেজটি।



