Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেলেও  মহল্লায় ঢুকতে পারছে না উল্লু রাজু

সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেলেও  মহল্লায় ঢুকতে পারছে না উল্লু রাজু
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল থেকে ছাড়া পেলেও পার্ক স্ট্রিটে নিজের মহল্লায় ঢুকতে পারছে না কুখ্যাত দুষ্কৃতী উল্লু রাজু! নিউ মার্কেটে ব্যবসায়ী খুনের মামলায় প্রায় সাড়ে ১৭ বছর জেল খেটে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছে উল্লু রাজু ওরফে সাব্বির আলম। কিন্তু পার্ক স্ট্রিটের ওয়েলেসলি সেকেন্ড লেনে নিজের মহল্লায় আর ঢুকতে পারছে না উল্লু। বর্তমানে সে এন্টালিতে থাকছে বলে জানা গিয়েছে। 
Advertisement
কলকাতার অপরাধ জগতের এক সূত্র মারফত জানা গিয়েছে, ‘মধ্য কলকাতায় এক সময়ের ত্রাস উল্লু রাজুর প্রতিপক্ষ শিবির বর্তমানে যথেষ্ট প্রভাবশালী। তাদের সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে। তারাই উল্লুকে এলাকায় ফিরতে বাধা দিচ্ছে।’ পাশাপাশি, প্রায় সাড়ে ১৭ বছর জেলে থাকার ফলে উল্লুর গ্যাংয়ের সদস্যরা এখন আর তেমনভাবে সক্রিয় ও সংগঠিত নয়। ফলে বিপাকে পড়েছে উল্লু রাজু।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনৈক ব্যক্তির কথায়, আরশাদ, সোনা, গব্বর, উল্লু রাজুর নামে একটা সময় পার্ক স্ট্রিট, তালতলা, নিউ মার্কেট এলাকায় বাঘে-গোরুতে একঘাটে জল খেত। নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী খুনের মামলায় জেলে যাওয়ার আগে উল্লু রাজু আর্শাদের ঘনিষ্ঠ সঙ্গী দীপুর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। সেবার বরাত জোরে প্রাণে বেঁচে যায় দীপু। ঘটনাচক্রে আর্শাদের ডান হাত বলে পরিচিত দীপু অতীতে ফরওয়ার্ড ব্লকের ঘনিষ্ঠ হলেও, পালাবদলের পর বর্তমানে শিবির বদল করে শাসকদলের ছত্রচ্ছায়ায় রয়েছে। ধর্মতলা চত্বরের একটা বড় অংশের নিয়ন্ত্রণ এই আরশাদ-দীপুর হাতে।
পুরনো আক্রোশ মেটাতে আরশাদ-দীপু শিবির পার্ক স্ট্রিটের স্থানীয় লোকজনকে সামনে রেখে এলাকায় ফিরতে বাধা দিচ্ছে উল্লু রাজুকে। বিপাকে পড়ে সম্প্রতি উল্লু রাজু শাসকদলের এক নেতার দ্বারস্থ হয়েছিল। তাতে অবশ্য লাভ কিছু হয়নি বলেই জানা গিয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দীপু জানায়, ‘আমার অত ক্ষমতা নেই।’
স্বাভাবিকভাবেই কলকাতা পুলিসের গোয়েন্দাদের একটি মহলের আশঙ্কা, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে আগামী দিনে আর্শাদ-উল্লুর লড়াইয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে পার্ক স্ট্রিট সহ মধ্য কলকাতার একটি বড় অংশ। সূত্রের খবর, যে যুক্তিকে সামনে রেখে উল্লু রাজুকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট, একই কারণে জামিন পেতে পারে আরেক ত্রাস গব্বর। সব মিলিয়ে নতুন করে অশান্তি ছড়াতে পারে পার্ক স্ট্রিট সহ মধ্য কলকাতায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ