নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর! আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম মহাসম্মেলনে ঐতিহাসিক বক্তৃতা পেশ করেছিলেন স্বামী বিবেকানন্দ। আগামী ১১ সেপ্টেম্বর সেই ঘটনার ১৩৩ বছর পূর্তি। বিশেষ দিনটিকে স্মরণীয় করতে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আইএফএ’র যৌথ উদ্যোগে আয়োজন করছে এক বিশেষ ফুটবল টুর্নামেন্টের। স্বামী বিবেকানন্দ কাপ— জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রধান লক্ষ্য, জেলায় জেলায় যুব সম্প্রদায়ের মধ্যে স্বামীজির আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলা ফুটবলের সাপ্লাই লাইন তৈরি করা। উল্লেখ্য ২৩টি জেলায় এই টুর্নামেন্ট আয়োজন হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি জেলা থেকে ৮টি করে ক্লাব নিজেদের মধ্যে খেলবে। এরপর চ্যাম্পিয়ন দলগুলি এবং বিএফএ, মোট ২৪টি দল পরের রাউন্ডে যাবে। সেখানে নক-আউট ফরম্যাটে এগবে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ফুটবল টুর্নামেন্ট।



