Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএমের জেলা কমিটিতে নাম নেই সুশান্তর

সিপিএমের জেলা কমিটিতে নাম নেই সুশান্তর
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিতে নাম নেই প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের। এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা কঙ্কাল কাণ্ডের নায়ক সুশান্ত ঘোষকে কার্যত ছেঁটে দিল দল। আর তা হল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতেই। প্রসঙ্গত তরুণ রায়ের পর জেলা কমিটির সম্পাদক হয়েছিলেন সুশান্তবাবু। কিন্তু তাঁর বিরুদ্ধে মহিলাঘটিত অভিযোগ ওঠায় আগেই জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় বিজয় পালকে। জেলা সম্পাদক পদ থেকে সরানো হলেও খড়্গপুরে অনুষ্ঠিত জেলা সম্মেলনে তিনি অবশ্য প্রতিনিধি হিসেবে ছিলেন। কিন্তু সোমবার রাতে দেখা যায় ৭০ জনের কমিটিতে তাঁর নাম নেই। এদিন ৬৮জনের নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে বাকি দু’জনের নাম পরে ঘোষণা করা হবে। 
Advertisement
রবি ও সোমবার খড়্গপুর শহরের অন্ধ্র হাইস্কুলে ২৫তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দু’দিনই সুশান্ত ঘোষের বিরুদ্ধে সমালোচনায় সরব হন বিভিন্ন এড়িয়া কমিটির সদস্যরা। প্রথম দিন এমন পরিস্থিতি হয় যে সন্ধ্যার সময় তিনি সম্মেলন থেকে বেরিয়ে যান। সোমবার আবার দেরি করে সম্মেলনে হাজির হন। সেদিন সমালোচনা আরও তীব্র আকার নেয়। এদিন সম্পাদক পদ নিয়ে ভোটাভুটি এড়াতে দলীয় নেতৃত্বকে অনেক কাঠখড় পোড়াতে হয়। সম্পাদক হিসেবে বিজয় পাল ছাড়াও গোপাল প্রামাণিক ও মেঘনাদ ভুঁইয়ার নাম উঠে আসে। ভোটাভুটি প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল। শেষে রাজ্য নেতৃত্ব ওই তিনজনকে নিয়ে বৈঠক বসেন। বৈঠকের পর দু’জন নাম তুলে নেওয়ায় বিজয় পালই জেলা সম্পাদক নির্বাচিত হন।
সম্পর্কিত সংবাদ