Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএম কর্মী হত্যা মামলায়   ধৃতের ফের জেল হেফাজত

সিপিএম কর্মী হত্যা মামলায়   ধৃতের ফের জেল হেফাজত
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৯ সালে জঙ্গলমহলে লালগড়ে সিপিএম কর্মী প্রবীর মাহাত হত্যা মামলায় ধৃত সন্তোষ মাহাতকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল এনআইএ আদালত। তাঁর জামিনের আর্জি আদালত খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই মামলার প্রয়োজনে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অভিযুক্তকে জেরা করা হবে। যদিও ধৃতের তরফে বারবার দাবি করা হয়, তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। 
Advertisement
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ‘ফেরার’ ওই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার ভিত্তিতে তাঁকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। এই মামলায় অভিযুক্ত রয়েছেন একাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছেন জঙ্গলমহল নেতা ছত্রধর মাহাতও। যদিও তিনি এই মামলায় জামিনে রয়েছেন। আদালত সূত্রের খবর, ২০০৯ সালে লালগড়ে এই হত্যা‑কাণ্ডের ঘটনায় জেলা পুলিসই তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করেছিল। তার ভিত্তিতে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। কিন্তু পরবর্তীকালে এই মামলার তদন্তভার নেয় এনআইএ। মামলাটি সেখানকার আদালত থেকে স্থানান্তরিত হয়ে আসে কলকাতার বিচারভবনে। মামলার তদন্ত শেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৩৩ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট পেশ করে। সেই খুনের মামলার চার্জশিটে ছিল অভিযুক্ত সন্তোষ মাহাতর নাম। কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় তাঁর বিরুদ্ধে এনআইএ জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য কোর্টের কাছে আর্জি জানায়। আদালত সেই আর্জি মঞ্জুর করে। তারপরই সম্প্রতি ওই ‘ফেরার’ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এনআইএ।  
Advertisement
সম্পর্কিত সংবাদ