Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘নির্দল’ প্রার্থী অভীককে ঘিরেই বামফ্রন্ট শিবিরে ফাটল জল্পনা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারাসত কেন্দ্রে বাম শিবিরের অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে।

‘নির্দল’ প্রার্থী অভীককে ঘিরেই বামফ্রন্ট শিবিরে ফাটল জল্পনা
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বারাসত কেন্দ্রে বাম শিবিরের অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে হেমন্ত দাসের নাম ঘোষণার পর থেকেই সিপিএমের একাংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। বিশেষ করে পার্টির ছাত্র-যুবদের একটি বড়ো অংশ এই প্রার্থী নির্বাচনে অসন্তুষ্ট। দাবি রাজনৈতিক মহলের। ফলে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে প্রচারে অনীহা দেখা যাচ্ছে নতুন প্রজন্মের কর্মীদের মধ্যে। 

Advertisement

এই পরিস্থিতিতেই ‘নির্দল’ প্রার্থী হিসাবে ময়দানে নামতে চলেছেন অভীক বসু ঠাকুর। তিনি সিপিএম পরিবার থেকে উঠে এসেছেন। অনেকের মতে, ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে ঘিরে ক্ষোভের জন্যই অভীককে ‘গোঁজ’ প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ অভীক নিজে। তাঁর দাবি, তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে বারাসতের মানুষের দাবি-দাওয়া নিয়েই ভোটে লড়ছেন। অভীক বসু ঠাকুরের পারিবারিক ও রাজনৈতিক পটভূমিও এই জল্পনাকে উসকে দিয়েছে। তাঁর বাবা পুলক বসু ঠাকুর সিপিএমের সক্রিয় নেতা ছিলেন। অভীক নিজেও এসএফআই করতেন। তবে বর্তমানে একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের সঙ্গে যুক্ত। শহরের যুব সমাজ এবং সিপিএমের ছাত্র-যুবদের একাংশের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সিপিএমের একাংশের অভিযোগ, অতীতে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর পক্ষে কাজ করেও সিপিএম কর্মীরা প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই এবার ‘ক্যাডারমুক্ত রাজনীতি’, নাগরিক পরিষেবা উন্নয়ন ও স্থানীয় সমস্যাকে সামনে রেখেই লড়াইয়ে নেমেছেন তাঁরা। এদিকে বারাসতে তৃণমূল, বিজেপি এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। ২ এপ্রিল থেকে প্রচারে নামার কথা অভীকের। তার আগে তিনি নিজের সংগঠন এবং সিপিএমের যুবদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে ব্যস্ত তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরে একাধিক প্রার্থী থাকায় ভোট ভাগাভাগি হলে শেষ পর্যন্ত তার সুবিধা পেতে পারে শাসক দলই। 
এনিয়ে অভীকবাবু বলেন, আমাকে গোঁজ প্রার্থী বলা হচ্ছে! কিন্তু আমি সেটা মনে করি না। তবে, সিপিএমের নতুন প্রজন্ম যদি আমার প্রচারে আসে, তাতে আপত্তি নেই। আমি বারাসতের মানুষের জন্যই লড়ছি। 
অন্যদিকে, ফরওয়ার্ড ব্লক প্রার্থী হেমন্ত দাস দাবি করেন, আমার সমর্থনে সমস্ত স্তরের বামপন্থী কর্মীরা ঐক্যবদ্ধ। সবাইকে নিয়েই প্রচার করছি। সব মিলিয়ে, সংগঠনের দুর্বলতার মধ্যেই বারাসতে বামেদের অন্দরমহলের দ্বন্দ্ব যে প্রকাশ্যে এসেছে, তা স্পষ্ট। আর ২৬-এর নির্বাচনে এর প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।  অভীকের সমর্থনে পোস্টার।

Advertisement
সম্পর্কিত সংবাদ