গোপাল সূত্রধর, বালুরঘাট: পরিবেশবান্ধব লুব্রিকেন্ট প্রযুক্তিতে যুগান্তকারী আবিষ্কার! জ্বালানির সঙ্গে বিশেষ সংযোজক দ্রব্য মেশালে পরিবহণের ইঞ্জিন থেকে দূষণমুক্ত ধোঁয়া নির্গত হবে। শুধু তাই নয়, ইঞ্জিনের আয়ু বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্বল্প খরচে বেশি মাইলেজ দেবে ইঞ্জিন। এমনই এক বিশেষ ‘লুব অয়েল পারফরম্যান্স অ্যাডিটিভ’ তথা দূষণ নিয়ন্ত্রণ ও কার্যক্ষমতা বৃদ্ধিকারী সংযোজক দ্রব্য আবিষ্কার করেছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা রসায়নবিদ্যার অধ্যাপক প্রণব ঘোষের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের গবেষক দল।
দীর্ঘ ১৫ বছর গবেষণার পর উপাচার্যের এই সাফল্য এসেছে। শুধু আবিষ্কারেই থেমে থাকেনি গবেষণার স্বীকৃতি, ইতিমধ্যে এই আবিষ্কারের জন্য ভারত সরকারের পেটেন্টও পেয়েছেন গবেষকরা। গবেষকদের দাবি, বাণিজ্যিক ব্যবহার বাড়লে এই প্রযুক্তি লুব্রিকেন্ট অ্যাডিটিভে বিদেশি প্রযুক্তি ও আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে। আত্মনির্ভর ও বিকশিত ভারত গঠনে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মনে করা হচ্ছে।।
কী এই আবিষ্কার? গবেষকরা জানিয়েছেন, পেট্রল ও ডিজেলের মতো জ্বালানি পরিশোধন করে তাতে নানা ধরনের দ্রব্য মেশানো হয়। এরপর সেই জ্বালানি যানবাহনে ব্যবহার করা হয়। পেট্রল বা ডিজেলের মতো জ্বালানি ব্যবহার করলে যানবাহন থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত ধোঁয়া নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন কণার মতো দূষিত পদার্থ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অধ্যাপক প্রণব ঘোষের নেতৃত্বে গবেষকরা এমন একটি সংযোজক দ্রব্য আবিষ্কার করেছেন, যা ওই জ্বালানির সঙ্গে মেশালে ক্ষতিকর ধোঁয়া নির্গমন একেবারে কমে যাবে বলে দাবি গবেষকদের। সেই সঙ্গে ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়বে। ফলে গাড়ির মাইলেজ বাড়বে। পাশাপাশি ইঞ্জিনের স্থায়িত্ব বৃদ্ধি ও কম খরচে জ্বালানি পাবে বলে দাবি গবেষকদের।
অধ্যাপক প্রণব ঘোষের নেতৃত্বে পাঁচজনের গবেষক দলটি এই গবেষণা চালায়। তাঁদের মধ্যে দুজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আরও দুজনের মধ্যে একজন নয়ডার শিব নাদার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও অধ্যাপক রয়েছেন। যেহেতু গবেষণাটিতে শিব নাদার বিশ্ববিদ্যালয় বিভিন্ন যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সহযোগিতা করেছে, তাই ভারত সরকারের পেটেন্ট কার্যালয় ওই বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচজনের নামেই পেটেন্টটি দিয়েছে। পেটেন্ট কার্যালয়ের নানা ধরনের প্রশ্ন ও পরীক্ষার পর এই গবেষণাকেই পেটেন্ট হিসেবে স্বীকৃতি দিল ভারত সরকার।
রসায়নবিদ্যার অধ্যাপক প্রণব ঘোষ একসময় বম্বে বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ৬২ বছর বয়সি অধ্যাপক প্রণব ঘোষের ঝুলিতে ইতিমধ্যেই আটটি পেটেন্ট রয়েছে। প্রণববাবু বলেন, জ্বালানির সঙ্গে সামান্য বিশেষ সংযোজক দ্রব্য মেশালে পরিবহণের ইঞ্জিন থেকে দূষণমুক্ত ধোঁয়া নির্গত হবে। ইঞ্জিনের দীর্ঘায়ু ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। এটি পরিবেশবান্ধব। আগামীতে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই আবিষ্কার কাজে লাগবে। বিশ্বের বাণিজ্যিক ও দেশীয় শিল্পক্ষেত্রে এই প্রযুক্তিকে কাজে লাগানো যেতে পারে। সোমবার ভারত সরকারের পেটেন্ট আমরা হাতে পেয়েছি। এতে আমরা সবাই খুব খুশি।