মাদ্রিদ: গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলার হেসুস দ্য মিগুয়েলের মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। ঘটনাটি ঘটেছে স্পেনের দ্বিতীয় ডিভিশনে এফসি অ্যান্ডোরা- ক্লাব টেনেরিফের ম্যাচের সংযোজিত সময়ে। ম্যাচের ফল ছিল ২-২। মাঝমাঠ থেকে সতীর্থের ভাসানো থ্রু নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন টেনেরিফের স্ট্রাইকার মিগুয়েল। অ্যান্ডোরার গোলকিপার হেসুস ওউনো বক্স ছেড়ে সেই বল ক্লিয়ার করতে গেলে সংঘর্ষ হয়। মিগুয়েলের বুকে সজোরে ওউনোর হাঁটুর আঘাত লাগলে মাঠেই লুটিয়ে পড়েন স্প্যানিশ স্ট্রাইকার। ওউনোকে লাল কার্ড দেখানো হয়। কিন্তু ততক্ষণে মাঠেই জ্ঞান হারান মিগুয়েল। চোট গুরুতর দেখে তড়িঘড়ি দলের চিকিৎসক মাঠে দৌড়ে আসেন। এরপর মিনিট পাঁচেক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। সেই সময় দুই দলের ফুটবলারদের বিধ্বস্ত দেখায়। কান্নায় ভেঙে পড়েন ওউনোও। প্রতিপক্ষ স্ট্রাইকারের জন্য ড্রেসিং-রুমে প্রার্থনাও করেন তিনি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হন টেনেরিফের স্ট্রাইকার। পরে প্যারামেডিকসদের তৎপরতায় হৃদস্পন্দন ফিরিয়ে আনা হলেও শেষরক্ষা হয়নি। হাসাপাতালে মৃত্যু হয় ৩০ বছরের হেসুস দ্য মিগুয়েলের। ক্লাবের তরফে সেই খবর জানানো হয়েছে। স্প্যানিশ স্ট্রাইকারের প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। উল্লেখ্য, ২০০৪ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনালে ডেম্পোর ব্রাজিলিয়ান ফুটবলার জুনিয়রেরও মৃত্যু হয়েছিল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে। সেই স্মৃতি আবার ফিরল।



