ইডেন পার্কে আজ প্রথম ওডিআই, অনভিজ্ঞ বোলিং চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অকল্যান্ড: দাঁড়িপাল্লার একদিকে স্বস্তি, অন্যদিকে অস্বস্তি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ শুরু বুধবার। তার আগে ভরসা দিচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপস্থিতি। অন্যদিকে, চিন্তায় রাখছে পেস বোলিংয়ের অনভিজ্ঞতা। ইডেন পার্কে টস করতে যাওয়ার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ধাঁধায় রাখছে রাতের কন্ডিশনও। দুটো নতুন বল কি সন্ধ্যার পর বেশি বাউন্স বা সিম-স্যুইং করবে? পরিসংখ্যান বলছে, এই মাঠে হওয়া শেষ দুই একদিনের আন্তর্জাতিকে ফ্লাডলাইটে রান তাড়া করতে নেমে ১৫০ ও ৭৬ রানে গুটিয়ে গিয়েছে ব্যাটিং দল। তার মানে একটাই, টি-২০ সিরিজের মতো  টস জিতে ফিল্ডিং আর জয়ের ‘গোল্ডেন রুল’ থাকছে না। 

Advertisement

ধোঁয়াশা থাকছে ভারতের বোলিং কম্বিনেশন নিয়েও। যশপ্রীত বুমরাহকে তৈরি রাখা হচ্ছে শুধু টেস্ট সিরিজের জন্য। হার্দিক পান্ডিয়া এখনও ফিট নন। হর্ষিত রানাও খেলার অবস্থায় নেই। ফলে, পেস আক্রমণের দায়িত্ব এখন মহম্মদ সিরাজের কাঁধে। কিন্তু তাঁর ওডিআই রেকর্ড মোটেই আহামরি নয়। ৫০ ইনিংসে বল করে ৭৭ উইকেট। স্কোয়াডে থাকা বাকি পেসাররা অবশ্য মিলিতভাবেও পঞ্চাশটা ম্যাচ খেলেননি। অর্শদীপ সিং (১৮), গুরনুর ব্রার (৯), অংশুল কম্বোজ (১) ও আকিব নবির (১) সম্মিলিত অভিজ্ঞতা ২৯ ম্যাচের! 
মাঠের অদ্ভুত আকারও সমস্যা বাড়াচ্ছে। ইডেন পার্কের স্ট্রেট বাউন্ডারি মাত্র ৫৫ মিটার দূরত্বে। আন্তর্জাতিক ম্যাচের নিরিখে যা খুবই কম। ফলে চায়নাম্যান কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা কম। সেক্ষেত্রে তিন পেসার ও তিন অলরাউন্ডারই সম্ভবত থাকবেন এগারোতে। তিন পেসারের মধ্যে সিরাজ, অর্শদীপ ও গুরনুরের খেলার সম্ভাবনা বেশি। কম্বোজের বিগ হিটিং কাজে লাগাতে চাইলে অবশ্য সমীকরণ বদলাবে। তিন অলরাউন্ডার নমন ধীর, নীতীশ কুমার রেড্ডি ও অক্ষর প্যাটেল। গৌতম গম্ভীর জমানায় আট নম্বর পর্যন্ত ব্যাটার রাখাই যে নিয়মে পরিণত! 
ভারতীয় ব্যাটিং অবশ্য অভিজ্ঞতায় ভরপুর। ওপেনিংয়ে ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গী রোহিত শর্মা। বছরখানেক পরে দক্ষিণ আফ্রিকায় ওডিআই বিশ্বকাপ। তার আগে কিউয়িদের দেশে পেস ও বাউন্সি পিচে এই সিরিজ হিটম্যানের ট্রায়ালই। তুলনায় তিন নম্বরে বিরাটের উপর চাপ অবশ্য সামান্য কম। বিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের মুখেও শোনা গিয়েছে ‘রো-কো’ জুটিকে গুরুত্ব দেওয়ার কথা। চার ও পাঁচে যথাক্রমে শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল। এরপর নমন, নীতীশরা।
নিউজিল্যান্ড অবশ্য পাচ্ছে না বাঁ-হাতি ওপেনার ডেভন কনওয়েকে। ফিল্ডিং প্র্যাকটিসে ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষের ফলে মাথায় লেগেছে তাঁর। এই ম্যাচে তাই কনওয়ে নেই। প্রথম এগারোয় নিশ্চিত নন হেনরিও। ওডিআই সিরিজে স্যান্টনার ব্রিগেড পাচ্ছে না রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যানকেও। দলের গড় বয়স ৩৪-৩৫, সেটাও ভাবাচ্ছে নিউজিল্যান্ডকে।
 খেলা শুরু সকাল ৭-৩০ মিনিটে। সরাসরি সোনি স্পোর্টসে।