নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনোয়ার ইস্যুতে বড়ো স্বস্তি ইস্ট বেঙ্গলের। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আদালত (ক্যাস) বল পাঠাল ফেডারেশনের কোর্টেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ৫ মাস সময় পাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সেই রায় পছন্দ না হলে ফের ক্যাসে আবেদন জানাতে পারে মোহন বাগান। তবে নির্বাসন বা আর্থিক জরিমানার কোনও বিষয়ই জানায়নি ক্যাস। রায়ের কপি পাওয়ার পরেই রীতিমতো যুদ্ধজয়ের উল্লাস লাল-হলুদ তাঁবুতে। এমনকি, খবর জানার পর সমর্থকদেরও বলতে শোনা গেল, নৈতিক জয় তাদেরই। এদিকে, আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন। নতুন কমিটি গঠনের পর তারা এই ইস্যুতে কেমন ভূমিকা নেয় সেটাই দেখার।
আনোয়ার আলির সইকে কেন্দ্র করে বিতর্ক দীর্ঘদিনের। লোন ডিল ভেঙে মোহন বাগান থেকে আনোয়ারকে তুলে নেয় ইস্ট বেঙ্গল। আইনি পথে হাঁটে মোহন বাগান। বল গড়ায় ফেডারেশনের কোর্টে। এরপর সর্বভারতীয় ফুটবল সংস্থার গড়িমসিতে অধৈর্য হয়ে ফিফার দ্বারস্থ হয় মোহন বাগান। বিভিন্ন পক্ষের যুক্তি শোনার পর এদিনই রায় জানাল ক্যাস।



