লখনউ: কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে যত বিবাদই থাক, বিজেপি বিরোধিতায় কোনো খামতি রাখতে চাইছে না সমাজবাদী পার্টি। তাই ডিলিমিটেশন বিলের বিপক্ষে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করল অখিলেশ যাদবের দল। রবিবার তিন লাইনের হুইপে স্পষ্ট বলা হয়েছে, বিশেষ অধিবেশন চলার সময় সকল সাংসদকে লোকসভায় সর্বক্ষণ উপস্থিত থাকতে হবে। এদিন আজমগড়ের সাংসদ তথা লোকসভার চিফ হুইপ ধর্মেন্দ্র যাদবের পক্ষ থেকে এই হুইপ জারি করা হয়েছে। হুইপে বলা হয়েছে, ভোটাভুটির সময় সাংসদদের লোকসভায় উপস্থিত থাকতে হবে। সে সময় অনুপস্থিতির অর্থ, পরোক্ষে বিজেপিকে সুবিধা করে দেওয়া। উল্লেখ্য, ৩৭ জন সাংসদ নিয়ে এখন সমাজবাদী পার্টি লোকসভার তৃতীয় বৃহত্তম দল।
আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সপা মনে করে, উত্তরপ্রদেশের ভোটে ফায়দা তুলতেই ডিলিমিটেশন বিল আনা হচ্ছে। শনিবার অখিলেশ বলেন, ‘বিজেপির কাছে ভোটই সব। দেশ ওদের কাছে কিছুই নয়। তাই ওরা লোকসভার সীমানা নিয়ে এত চিন্তিত। দেশের সীমান্ত নিয়ে ওদের কোনো মাথাব্যাথা নেই।’ সূত্রের খবর, সোমবার সকালে দিল্লিতে বৈঠকে বসছে সপার সংসদীয় দল। সেখানে লোকসভার সাংসদদের পাশাপাশি দলের ৫ রাজ্যসভার সাংসদকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানেই দলের চূড়ান্ত রণকৌশল ঠিক হবে।



