Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা সম্প্রসারণে সংকীর্ণ হয়েছে নিকাশি, পূর্তদপ্তরকে চিঠি দক্ষিণ দমদম পুরসভার

রাস্তা সম্প্রসারণে সংকীর্ণ হয়েছে নিকাশি, পূর্তদপ্তরকে চিঠি দক্ষিণ দমদম পুরসভার
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। সেই সঙ্গে এই রাস্তা লাগোয়া বড় কাঁচা নিকাশির মধ্যে নতুন করে কংক্রিটের নিকাশি তৈরির কাজও শুরু হয়েছে। কিন্তু নতুন পাকা ড্রেনটি আগের কাঁচা নিকাশির তুলনায় অনেকটাই সংকীর্ণ। ফলে দক্ষিণ দমদম পুরসভা এলাকার দু’টি ওয়ার্ডে জল জমতে শুরু করেছে। এলাকাবাসী ইতিমধ্যে এনিয়ে ক্ষোভ দেখিয়েছেন। তাই পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্য সরকারের পূর্তদপ্তরের সচিবকে চিঠি দিল দক্ষিণ দমদম পুরসভা। আবেদন করা হয়েছে, সমস্যা সমাধানের জন্য যৌথ পরিদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তা  না হলে বর্ষার মরশুমে সীমাহীন ভোগান্তি হবে মানুষের। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংযুক্তিকরণের কাজও চলছে। গত কয়েক বছরে এমনিতেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেড়েছে। তার উপর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংযুক্ত হয়ে গেলে একলাফে তা আরও অনেকটাই বাড়বে। তাই সমানতালে এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চালাচ্ছে পূর্তদপ্তর। এতদিন এক্সপ্রেসওয়ের ধার বরাবর অনেকটা প্রশস্ত কাঁচা নালা ছিল। সেখান দিয়ে পুরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের জল বেরত। এখন ওই কাঁচা ড্রেনের জায়গায় কংক্রিটের পাকা ড্রেন তৈরি করা হচ্ছে। নতুন ড্রেনটি আগের তুলনায় খুবই সংকীর্ণ হওয়ায় পর্যাপ্ত জল বহন সম্ভব নয়। প্রমোদনগর এলাকায় ওই কাজ শুরু হয়েছে। এর ফলে এই দুই ওয়ার্ডের যে স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ছিল, তা ভেঙে পড়েছে পুরোপুরি। বিস্তীর্ণ এলাকার নিকাশিনালায় জল উপচে পড়ছে। একটু বৃষ্টি হলেই আশপাশের রাস্তায় জল উঠে যাচ্ছে। এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি বলে জানাচ্ছেন ভুক্তভোগী বাসিন্দারা। বর্ষার মরশুমে এলাকার বহু বাড়িতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। ইতিমধ্যে পুরসভার কর্তাব্যক্তিরা ওই এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন। গত ২৯ মে পুরসভার এগজিকিউটিভ অফিসার রাজ্য পূর্তদপ্তরের সচিব অন্তরা আচার্যকে চিঠি দিয়ে সমস্ত ঘটনা জানান। বর্ষার আগে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ জরুরি বলেও চিঠিতে বলা হয়। দ্রুততার সঙ্গে এই সমস্যা সমাধানের জন্য যৌথ পরিদর্শনের অনুরোধ করেন তিনি। 
পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত বলেন, ‘উন্নয়নের স্বার্থে এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ জরুরি। আবার এলাকাবাসীর স্বার্থে নিকাশি ব্যবস্থা যতে ব্যাহত না হয়, তাও নিশ্চিত করতে হবে। শহরের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি উদ্বেগজনক। দ্রুত সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পূর্তদপ্তরকেও জানানো হয়েছে।’ - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ