আগ্রা: বিয়ের শোভাযাত্রায় বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে গান বাজানোয় হামলার অভিযোগ যোগী রাজ্যে। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে আগ্রার জাগনের থানা এলাকার নাগলা বীরভান গ্রামে। জানা গিয়েছে, বর দলিত। তাঁর পরিবার-পরিজন ডিজের তালে আম্বেদকরকে নিয়ে প্রশংসাসূচক গান বাজিয়ে কনের বাড়িতে যাচ্ছিলেন। এলাকাটি ভিন্ন সম্প্রদায়ের। সেখানকার মানুষজন ওই গান নিয়ে আপত্তি তোলেন। এরপরই প্রায় ২৫ জন রড নিয়ে শোভাযাত্রায় হামলা চালায়। ঘোড়া থেকে বরকে নামিয়ে হেনস্তা করা হয়। পাত্রীর বাড়ি পৌঁছনোর ১০০ মিটার আগেই ঘটনাটি ঘটে। বরপক্ষকে লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য করারও অভিযোগ উঠেছে। মারধরে তাঁদের বেশ কয়েকজন জখমও হন। আম্বেদকরের ছবিকে অবমাননারও অভিযোগ করেছে বরপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় শান্তিপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার রাতে থানার দ্বারস্থ হয় পাত্রপক্ষ। তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।



