Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরের গ্রামে গভীর রাতে ছুরিকাহত সোনারপুরের যুবকের মৃত্যু, আটক এক

বারুইপুরের গ্রামে গভীর রাতে ছুরিকাহত সোনারপুরের যুবকের মৃত্যু, আটক এক
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: রাতে গ্রামের রাস্তায় বাইক নিয়ে তিনজন বহিরাগত কেন? এই প্রশ্ন তুলে তাঁদের পথ আটকে জোর করে বাইকের চাবি ছিনিয়ে নেয় পাড়ার মোড়ে মাচায় বসে থাকা তিন যুবক। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। চলে হাতাহাতি। এর মধ্যেই তিন গ্রামবাসীর একজন আচমকা ছুরি বের করে ‘বহিরাগত’ এক যুবকের পেটে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়লে চম্পট দেয় অভিযুক্তরা। দুই সঙ্গী আক্রান্ত যুবককে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম শুভঙ্কর মণ্ডল (২২)। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার মদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে পুলিস বেশ কিছু তথ্য পেয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা জগবন্ধু মণ্ডল ওরফে জগাইকে রবিবার সকালে আটক করেছে পুলিস। সে জানিয়েছে, ‘পাড়ায় চুরি হওয়ায় তারা মাচায় বসে পাহারা দিচ্ছিল। এমন সময় তিনজন অপরিচিত যুবক বাইক নিয়ে পাড়ায় ঢোকে। কেন তারা এসেছে, জিজ্ঞাসা করলে তারাই উল্টে আমাদের একজনকে মারে। এরপর কী হয়েছে, জানা নেই’। অন্য দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল পলাতক। তাদের সন্ধানে পুলিস তল্লাশি শুরু করেছে। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, সোনারপুরের নাটাগাছিতে মামার বাড়িতে থাকতেন শুভঙ্কর। তাঁর বাড়ি সোনারপুরের মুড়োগাছায়। শনিবার রাতে শুভঙ্কর ও তাঁর দুই সঙ্গী বাইক নিয়ে বারুইপুরের টগরবেড়িয়ার দিকে আসেন। অভিযোগ, সেই সময় রাস্তার পাশে মাচায় বসে মদ্যপান করছিল ওই তিন যুবক অরূপ, রাকেশ ও জগবন্ধু। তারাই ওই তিন যুবকের বাইক আটকায়। এর মধ্যে বচসা ও হাতাহাতির সময় শুভঙ্করের পেটে ছুরি চালিয়ে দেয় অভিযুক্তরা। মৃত যুবকের আত্মীয়রা বলেন, শুভঙ্কর শনিবার রাত ১১টার পর বাড়ি থেকে বেরিয়েছিল। রবিবার সকালে আমরা খবর পাই, ও খুন হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তি চাই। এদিকে, এদিন টগরবেড়িয়া গ্রামের মহিলারা বলেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওই মাচায় বসেই গাঁজা ও মদ্যপান করে কয়েকজন যুবক। রাতে একা রাস্তায় বেরতে ভয় হয়। পুলিসের লাগাতার অভিযান দরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ