Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটিয়ায় কুড়ুলের কোপে ভাইপো খুন, বেপাত্তা কাকা

মাটিয়ায় কুড়ুলের কোপে ভাইপো খুন, বেপাত্তা কাকা
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তারা দু’জন খুড়তুতো-জ্যাঠতুতো ভাই। একসঙ্গেই খেলছিল। খেলার সময় কিছু নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বাঁধলে দূর থেকে তা দেখতে পায় কাকা। সঙ্গে সঙ্গে কুড়ুল হাতে তেড়ে এসে কোপ মারে ভাইপো আমিরুল জামানকে। রক্তাক্ত আমিরুলকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ১১ বছরের ভাইপোকে খুনের পর বেপাত্তা কাকা কামরুল জামান। পুলিস তার খোঁজে তল্লাশি শুরু করেছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার গাঙহাটি গ্রামে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আমিরুল তার কাকার ছেলের সঙ্গে খেলছিল। সেই সময় দুই ভাইয়ের মধ্যে কিছু নিয়ে ঝগড়া হয়। খানিকটা দূরে কুড়ুল দিয়ে কাঠ কাটচ্ছিল কামরুল। সে ওই অশান্তি দেখে ছুটে আসে কুড়ুল হাতে। তারপর ওই কুড়ুল দিয়ে কোপ মারে দাদার ছেলে আমিরুলের মাথায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত আমিরুলকে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তাঁরা অভিযুক্ত কামরুলের বাড়িতে চড়াও হন। পরিস্থিতি বেগতিক বুঝে কামরুল এলাকা ছেড়ে চম্পট দেয়। মৃতের পরিবার মাটিয়া থানায় কামরুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ‌
স্থানীয় বাসিন্দা ইমরান আলি বলেন, পাড়ার বাচ্চারা একসঙ্গে খেলছিল। সেই সময় ছোটখাট বিষয় নিয়ে ওদের মধ্যে খুনসুটি চলছিল। দূর থেকে তা দেখে কামরুল কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভাইপোর উপর। কুড়ুলের কোপেই মৃত্যু হয়েছে ভাইপোর। আমরা কামরুলের শাস্তি চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ