Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মায়ের সামনে ছেলেকে খুন, ধৃত মামা ও এক নাবালক সহ ৫

মায়ের সামনে ছেলেকে খুন,  ধৃত মামা ও এক নাবালক সহ ৫
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মায়ের সামনে ছেলেকে খুনের ঘটনায় এক নাবালক সহ পাঁচজনকে গ্রেপ্তার করল শাসন থানার পুলিস। ধৃতরা হল মন্তাজ আলি, মহম্মদ ফিরোজ উদ্দিন ইসলাম, শারুক উদ্দিন ইসলাম, মনিরা বিবি ও মন্তাজের এক নাবালক ছেলে। শনিবার নাবালককে  জুভেনাইল কোর্টে তোলা হয়েছে। বাকি চার অভিযুক্তকে এদিন বারাসত আদালতে তোলা হলে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শাসনের ঢেউপুকুরের বাসিন্দা রিজিয়া বিবির ছেলে মিজানুর ইসলাম। এলাকাতেই কয়েক বিঘা জমি রয়েছে রিজিয়ার। সেই জমি বেশ কয়েকবছর ধরে দখল করে চাষাবাদ করছিল রিজিয়ার ভাই মন্তাজ আলি ও তার পরিবার। মায়ের জমি নিজেদের দখলে নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই মামাকে বলছিলেন ভাগ্নে মিজানুর। রিজিয়াও মাপজোক করে জমি ফিরিয়ে দেওয়ার জন্য ভাইকে বলেছিলেন। শুক্রবার সেই বিষয়ে কথা বলতেই মজিদ মোড় এলাকায় ভাই মন্তাজের বাড়ি যান রিজিয়া বিবি। মায়ের ফিরতে দেরি হচ্ছে দেখে মামা বাড়িতে যান মিজানুর। অভিযোগ, তখনই মিজানুরের উপর হামলা চালায় মন্তাজ ও পরিবারের লোকজন। পুলিস সূত্রে খবর, বাঁশ দিয়ে মিজানুরের মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মিজানুর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার ও পড়শিরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। শাসন থানার আইসি আসিফ সানির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী এলাকায় পৌঁছয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন আইসি। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। শাসন থানার পুলিস জানিয়েছে, মিজানুরের পরিবারের তরফে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এদিন রাতেই মন্তাজ আলি সহ সেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ