Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোথাও অডিও স্টোরি, কোথাও এআই, কলকাতার কলেজগুলিতে পেশামুখী বিভিন্ন কর্মশালা

কোথাও অডিও স্টোরি, কোথাও এআই, কলকাতার কলেজগুলিতে পেশামুখী বিভিন্ন কর্মশালা
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিরাচরিত পঠনপাঠনের বাইরে পেশামুখী এবং সচেতনতামূলক নানা কর্মসূচি নিচ্ছে কলকাতার বিভিন্ন কলেজ। সম্প্রতি আশুতোষ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ অডিও স্টোরি তৈরির কর্মশালা আয়োজন করেছিল। তাতে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতেকলমে, একেবারে স্টুডিওর আবহে অডিও স্টোরি তৈরির খুঁটিনাটি শেখানো হয়। স্ক্রিপ্ট তৈরি থেকে ভয়েস মড্যুলেশন—সব কিছুতেই রীতিমতো পেশাদারি পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাক্তন রেডিও জকি তথা বিভাগের প্রধান অমর্ত্য সাহা ছিলেন পরিচালনায়। অধ্যক্ষ মানস কবি বলেন, ‘এখন অডিও স্টোরি বেতারের গণ্ডি পেরিয়ে সমাজ মাধ্যম বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মেও জনপ্রিয়। এর মাধ্যমে পডকাস্টে চাকরির পাশাপাশি স্বনির্ভর হওয়াও সম্ভব। এদিকে, সোমবার নিউ আলিপুর কলেজে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা। শুধুমাত্র প্রযুক্তির দিকগুলিই নয়, সেগুলিকে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগিয়ে চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জীবিকা অর্জনের উপায়ও তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের সামনে। প্রায় ৩০০ জন এতে অংশ নেন। অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন, ‘আমাদের লক্ষ্য হল প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং শিল্পের চাহিদার মধ্যে ব্যবধান কমানো।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ