Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১১টি পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে কঠিন বর্জ্য প্রকল্প

১১টি পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে কঠিন বর্জ্য প্রকল্প
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: মানিকচকে ১১টি পঞ্চায়েতে মুখ থুবড়ে পড়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। কয়েক লক্ষ টাকায় নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও প্রকল্প শুরু করতে ব্যর্থ প্রশাসন। একই অবস্থা বিজেপি পরিচালিত মথুরাপুর পঞ্চায়েতের। প্রধানের দাবি, প্রকল্প বাস্তবায়িত করতে প্রশাসনকে বারবার জানালেও হেলদোল নেই। 

Advertisement

মানিকচক ব্লকের ১১টি পঞ্চায়েতে ঘটা করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের সূচনা করেছিলেন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা। গ্রাম্য এলাকা থেকে শুকনো ও জৈব আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন কাজে লাগানো উদ্দেশ্য ছিল প্রশাসনের। লক্ষ লক্ষ সরকারি টাকায় প্রতিটি পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয় একটি করে বর্জ্য সংরক্ষণের ঘর। এমনকী এলাকা থেকে বর্জ্য তুলে আনার জন্য প্রতিটি পঞ্চায়েতে তিনটি করে গাড়িও কেনা হয়। এত কিছুর পরেও এখনও বাস্তবায়িত হয়নি প্রকল্পটি। প্রতিটি পঞ্চায়েত এলাকায় বর্জ্য সংরক্ষণ কক্ষ এবং যানবাহন অবহেলায় পড়ে রয়েছে। মথরাপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ, ২০২২-২৩ সালে বর্জ্য পদার্থ সংরক্ষণের জন্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ করা হয়। পাশাপাশি, তিনটি টোটো কেনা হয়েছিল বর্জ্য আনার জন্য। সমস্ত কিছুই তৈরি। শুধু বর্জ্য সংরক্ষণ ঘরের একটি গার্ডওয়াল না হওয়ায় থমকে রয়েছে প্রকল্পটি। এবিষয়ে প্রধান মৌসুমী মণ্ডল বলেন, মালদহ জেলা ও মানিকচক ব্লক প্রশাসনকে বিষয়টি জানালেও সদুত্তর দেয়নি। আমরা শুকনো আবর্জনা এলাকা থেকে তুলে আনছি। কিন্তু গার্ডওয়াল না হওয়ায় জৈব আবর্জনা আনা যাচ্ছে না।
একই অবস্থা মানিকচকের ধরমপুর নুরপুর, উত্তর চণ্ডীপুর সহ সমস্ত পঞ্চায়েতের। স্থানীয় শ্যামল বসাক বলেন, এলাকাকে আবর্জনা মুক্ত করতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছিল, সেটা বাস্তবায়িত হলে খুশি হতাম। কিন্তু এখন দেখছি শুধু বিল পাশ করার জন্য এই সমস্ত কাজ করা হয়েছে। এসব বাস্তবায়িত হবে না। পঞ্চায়েত ব্লক ও জেলা একে অপরকে দোষ দিতে ব্যস্ত।
এবিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, বিষয়টি শুনেছি। তবে কেন এখনও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি জানা নেই। রাজ্য সরকারের উন্নয়নের কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষ যাতে দ্রুত পরিষেবা পান, তার ব্যবস্থা করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ