Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জমিসঙ্কটের জেরে আরামবাগে সলিড ওয়েস্ট প্রকল্প অথৈ জলে

জমিসঙ্কটের জেরে আরামবাগে সলিড ওয়েস্ট প্রকল্প অথৈ জলে
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: জমিসঙ্কটে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে সমস্যায় পড়েছে আরামবাগ পুরসভা। বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়তে বারবার রাজ্য সরকার চাপ দিচ্ছে। তাই ফের নতুন জমির খোঁজে নেমেছে পুর কর্তৃপক্ষ। বহুদিন ধরে শহরের আবর্জনা রামকৃষ্ণ সেতুর নীচে পড়ায় দূষণ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে শহরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠবে, সেদিকে তাকিয়ে শহরবাসী। সম্প্রতি আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায় জমির খোঁজ পাওয়া গিয়েছিল। সেখানে ডাম্পিং গ্রাউন্ড গড়ার প্রাথমিক প্রস্তুতি নিতে গেলে পুরসভা বাধার মুখে পড়ে। সরকারি জমি হলেও সেখানে স্থানীয় কৃষকরা বহুদিন ধরে চাষ করে আসছেন। ধানের পাশাপাশি সেখানে আলু চাষও হয়। বাধা পেয়ে চাষিদের সঙ্গে সম্প্রতি বৈঠক করে পুরসভা। পুলিস ও প্রশাসনের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে চাষিরা পুরসভাকে সাফ জানিয়ে দেন, ওই জমি তাঁরা প্রকল্প গড়ার জন্য ছাড়বেন না। কারণ সেখানে তাঁরা বহুকাল ধরে চাষ করে আসছেন। সেই জমির ফসল বেচেই তাঁদের সংসার চলে।

Advertisement

পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, এলাকার চাষিরা জমি দিতে ইচ্ছুক নন। তাই আমরা নতুন জমির খোঁজ শুরু করেছি। যত তাড়াতাড়ি সম্ভব, জমি খোঁজার চেষ্টা করা হচ্ছে।
একদশক ধরে আরামবাগ পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ার চেষ্টা করছে। পুরসভার বিগত পরিচালন বোর্ড তা গড়তে ব্যর্থ হয়। বর্তমান বোর্ড বারবার চেষ্টা করলেও জমিজটে কাজ থমকে যাচ্ছে। বহুদিন ধরে আরামবাগের ১৯টি ওয়ার্ডের আবর্জনা পল্লিশ্রী এলাকায় রামকৃষ্ণ সেতুর নীচে দ্বারকেশ্বর নদের গা ঘেঁষে ফেলা হয়। মাঝে কিছু আবর্জনা অন্যত্র সরানো হয়েছিল। কিন্তু ফের ওই এলাকায় আবর্জনা জমতে শুরু করেছে। ওই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়েই আরামবাগ থেকে মেদিনীপুর ও বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়ক গিয়েছে। আরামবাগ থেকে সেতুতে ওঠার মুখে আবর্জনার দুর্গন্ধে যাত্রীদের নাজেহাল হতে হয়। অনেকে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করেন। তাই পুরসভা তা‌ড়াতাড়ি জমি খুঁজে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তুলুক, এটাই চান শহরবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ