মুম্বই: এলাকার কিশোর-তরুণদের অপরাধ প্রবণতা নিয়ে সচেতন করতেন। এলাকায় সমাজকর্মী হিসাবেই পরিচয় তৈরি হয়েছিল। রবিবার সকালে রাস্তার ধারে স্টলে বসে প্রাতরাশ সারছিলেন আকাশ গাওয়াই নামে ওই ব্যক্তি। হঠাৎই চারচাকার গাড়িতে এসে মাস্ক পরিহিত দুষ্কৃতীরা তাঁকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রথমে এলোপাথাড়ি কোপানো হয়। লোহার পাইপ দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। নিজেকে বাঁচাতে গেলে আকাশের আঙুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান সমাজকর্মীর পরিবার ও স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। অভিযুক্তদের হদিশ পেতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ।



