নয়াদিল্লি: ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও একে অন্যের প্রতি বিশ্বাস। আইপিএলে সাফল্যের লক্ষ্যে এই তিন মন্ত্র সামনে রেখে এগতে চাইছেন রাজস্থান রয়্যালসের নতুন কোচ রাহুল দ্রাবিড়। তাই আসন্ন মরশুমের জন্য সঞ্জু স্যামসন সহ ছয় ক্রিকেটারকে ধরে রাখল পিঙ্ক সিটির ফ্র্যাঞ্চাইজি। সোমবার এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন দ্রাবিড়। গত মরশুমে লিগ টেবিলে পাঁচ নম্বরে শেষ করেছিল রাজস্থান। এবার তাদের লক্ষ্য শেষ চারে জায়গা পাকা করা।
Advertisement
চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে রাজস্থানের জমা দেওয়া রিটেইন লিস্টে রয়েছেন স্যামসন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার। পাশাপাশি সন্দীপ শর্মাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেইন করেছে থিঙ্কট্যাঙ্ক। এই প্রসঙ্গে কোচ দ্রাবিড়ের মন্তব্য, ‘যদি আরও ক্রিকেটার ধরে রাখার সুযোগ থাকত, তাহলে সুবিধা হত। কারণ, দীর্ঘদিন একসঙ্গে কাটালে ক্রিকেটারদের বন্ডিং মজবুত হয়। তাই আমরা ছয় ক্রিকেটারকে রেখে দিয়েছি। স্যামসনদের অভিজ্ঞতা নবাগতদের উজ্জীবিত করবে।’ পাশাপাশি আসন্ন নিলাম নিয়ে কোচ জানালেন, ‘পরিকল্পনা মাফিক ক্রিকেটার নির্বাচন করতে হবে। তার জন্য আমরা এখন হোমওয়ার্কে ব্যস্ত।’



