নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফিতে ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা। অথচ সাম্প্রতিক পারফরম্যান্স বড়ই হতাশাজনক। ট্রফি জেতার লক্ষ্য নিয়েই শনিবার সন্তোষ ট্রফি অভিযান শুরু করছে সঞ্জয় সেনের দল। কল্যাণীতে দুপুর দুটোয় বাংলার প্রতিপক্ষ ঝাড়খণ্ড। টাটা ফুটবল অ্যাকাডেমির একঝাঁক ফুটবলার প্রতিপক্ষের শক্তি বাড়িয়েছে। প্রথম ম্যাচের আগে তাই সতর্ক বাংলার কোচ। সঞ্জয় সেনের মন্তব্য, ‘অজানা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাবধান থাকতে হবে।’
Advertisement
গত মরশুমে গ্রুপ লিগের বাধা টপকাতে ব্যর্থ বাংলা। লজ্জা ঘোচাতে এবার মরিয়া আইএফএ। অভিজ্ঞ কোচ সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি দল নির্বাচনেও যত্নবান টিম ম্যানেজমেন্ট। শনিবার আইএফএ কর্তারা ছাড়াও প্রাক্তন ফুটবলারদের মাঠে উপস্থিত থাকার অনুরোধ করেছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।



