নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আসা লগ্নি যাতে দ্রুত প্রশাসনিক ছাড়পত্র পায়, তার জন্য স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি গড়ার কথা শিল্প সম্মেলনে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে মাথায় রেখে গঠিত কমিটির বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। শীঘ্রই ওই কমিটি বৈঠকে বসবে বলে জানালেন শিল্পমন্ত্রী শশী পাঁজা। ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এরাজ্যে এমএসএমই সেক্টরের অন্যতম অংশ হল ফাউন্ড্রি, যেখানে সংস্থার সংখ্যা পাঁচশোর বেশি। যেহেতু নতুন কমিটি কাজ শুরু করতে যাচ্ছে, তাই নতুনভাবে কোনও বিনিয়োগ হলে তার প্রশাসনিক ছাড়পত্র পেতে সমস্যা হবে না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রতি ১৫ দিন অন্তর একটি করে বৈঠক হবে। সেখানে জমি, অগ্নিনির্বাপণ, পরিবেশসহ সব ধরনের ছাড়পত্র এক জায়গায় প্রদানের ব্যবস্থা করা হবে।



