মাদ্রিদ: মালাগায় আয়োজিত ডেভিস কাপের ফাইনাল রাফায়েল নাদালের অবসর মঞ্চ। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে ঘিরে তাই বইছে আবেগের চোরাস্রোত। তবে বিদায় বেলায় চোট সমস্যায় জর্জরিত টেনিস মহাতারকা। সিঙ্গলস খেলা নিয়ে তিনি দোটানায়। নাদালের যুক্তি, ‘হাতে কয়েকদিন সময় থাকলেও সিঙ্গলস খেলার ধকল নিতে পারব কিনা জানি না। আমার কাছে দলের স্বার্থ সর্বাগ্রে। তাই চাই না, আমার জন্য দলের কোনও ক্ষতি হোক।’ ডেভিসের শেষ আটের লড়াইয়ে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অভিযান শুরু করবে স্পেন। তার আগে মালাগায় প্রস্তুতিতে ব্যস্ত স্প্যানিশ শিবির। দলের সঙ্গে কোর্টে গা ঘামাচ্ছেন নাদালও। ২০০৪ সালে ডেভিস কাপ জয়ের মাধ্যমেই বিশ্ব সার্কিটে আত্মপ্রকাশ ঘটেছিল রাফার। সেই ডেভিস কাপ খেলেই র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিলেন রাফা। বৃত্ত পূর্ণ হওয়া শুধুই সময়ের অপেক্ষা।



