নিজস্ব প্রতিনিধি, বারাসত: লোকসভা ভোটের আগে সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনকে ইস্যু করে বিজেপি সারা দেশে হইচই ফেলে দিয়েছিল। সেই সন্দেশখালিতেই এবার বিজেপির শিক্ষক নেতা ভবতোষ দাসের বিরুদ্ধে মহিলারা তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন। গেরুয়া শিবিরের ওই নেতার বিরুদ্ধে মহিলারা লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনলেন। শুধু তাই নয়, এনিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই পাল্টা চাপ ও ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি আসছে বলে অভিযোগ। এই অবস্থায় অভিযুক্ত বিজেপি নেতার শাস্তির দাবিতে বুধবার বিক্ষোভ দেখান মহিলারা। সন্দেশখালি ২ নং ব্লকের খুলনা গ্রামে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ভবতোষ দাস দুলদুলি হাইস্কুলের শিক্ষক। গত লোকসভা নির্বাচনে তিনি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন।
Advertisement
লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র পরবর্তী সময়ে বিজেপির প্রার্থী হন। সেই আন্দোলনে দেখা গিয়েছিল ভবতোষকেও। শিক্ষক হিসেবে পরিচিতি থাকায় তাঁর কথাবার্তা মানুষের কাছে সহজেই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা টাকা সুদের প্রলোভন দিয়ে খুলনার একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে ভবতোষ লক্ষ লক্ষ টাকা তোলেন। সেই টাকা চাইতে গেলে বিভিন্ন অছিলায় গ্রামের মহিলাদের তিনি ফিরিয়ে দিচ্ছিলেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ভবতোষের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে থানায় অভিযোগ করেন মহিলারা। ভবতোষ তখন ওই মহিলাদের পুলিসের ভয় দেখাতে থাকেন বলে অভিযোগ। এর মধ্যে গত সপ্তাহ থেকে ভবতোষ ও তাঁর স্ত্রী বেপাত্তা। বাড়িতে তালা ঝুলছে। তাই টাকা ফেরতের দাবিতে বুধবার গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী পূর্ণিমা মৃধা, শ্রেয়া মৃধারা বলেন, ‘স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৮-১০টি গ্রুপের মহিলা ব্যঙ্ক থেকে ঋণ নেন। ওই টাকা তাঁকে দিলে মোটা টাকা সুদের প্রস্তাব দিয়েছিলেন ভবতোষ। আমরা বিশ্বাস করে দিয়েছিলাম। কিন্তু সুদ তো দূরের কথা, আসল টাকা চাইলেও হুমকি দিচ্ছেন। বাড়ির পুরুষদের ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে শাসানিও দেওয়া হচ্ছে।’ এভাবে অন্তত ২০ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বিষ্ণুপদ প্রামাণিক বলেন, ‘সন্দেশখালি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই বিজেপি নেতা। বিজেপি প্রার্থী রেখা পাত্রর ছায়াসঙ্গী ছিলেন। অথচ তিনিই মহিলাদের টাকা নিয়ে পালিয়েছেন। আবার বিভিন্নভাবে মহিলাদের হুমকিও দিচ্ছেন। পুলিস তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’ ভবতোষ সপরিবারে অন্য কোথাও চলে যাওয়ায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় বিজেপি নেতা রতিকান্ত ঢালি বলেন, ‘ভবতোষ আমাদের দলের কেউ নন। রেখা পাত্রের সঙ্গে থাকতেন কি না, আমি বলতে পারব না। তৃণমূল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য এসব অভিযোগ তুলছে।’ -নিজস্ব চিত্র



