নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির গণধর্ষণ কাণ্ডের তদন্তে এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। এর আগে সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। সেই ঘটনায় আগেই পুলিসি তদন্তে অনাস্থা প্রকাশ করে ওই মহিলাকে নিরাপত্তার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার সেই মামলার শুনানির পর ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।
Advertisement
বিচারপতি ঘোষ জানিয়েছেন, লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হবে সিট। এছাড়া সিটের সদস্য হিসেবে থাকবেন বাদুড়িয়া বসিরহাট পুলিস জেলার এসডিপিও আইপিএস রাহুল মিশ্র। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ইনসপেক্টর ও সাব ইনসপেক্টর পদমর্যাদার আধিকারিকদের সিটের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করবেন সিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। বিচারপতি নির্দেশে আরও জানিয়েছেন, একমাস অন্তর বসিরহাট অতিরিক্ত দায়রা বিচারকের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিট। এদিন বিচারপতির আরও পর্যবেক্ষণ, তদন্তে ত্রুটি রয়েছে। নির্যাতিতাকে যে পুলিসি নিরাপত্তা দেওয়া হয়েছিল তা আপাতত বহাল থাকবে।



