নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে ফের জলদস্যুদের কবলে পড়লেন মৎস্যজীবীরা। বৃহস্পতিবার রাতে সুন্দরবন উপকূল থানার অন্তর্গত বসুত্তলা এলাকায় আটটি নৌকায় হানা দেয় দুষ্কৃতীরা। মৎস্যজীবীদের সংগৃহীত মাছ, কাঁকড়া ও তাঁদের মোবাইল সহ অন্যান্য সামগ্রী লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মৎস্যজীবীরা থানাকে বিষয়টি জানিয়েছেন। গত বুধবার গোসাবার সাতজেলিয়া অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আটটি নৌকায় ১৫ থেকে ২০ জন মৎস্যজীবী মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার নদীর বিভিন্ন জায়গায় তাঁরা নৌকা নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন। অভিযোগ, তখনই দু’টি বোটে করে আটজন দুষ্কৃতী হানা দেয়। তাদের সঙ্গে বন্দুক, ভোজালি, লাঠি ইত্যাদি ছিল। সর্বস্ব লুট করে রাতের অন্ধকারে পালিয়ে যায় ওই জলদস্যুরা। শুক্রবার সকালে মৎস্যজীবীরা ফিরে আসেন গ্রামে। একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। মৎস্যজীবীদের একাংশের দাবি, এর আগের ঘটনাগুলির সঙ্গেও এই দুষ্কৃতীরাই জড়িত। পুলিস-প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ দেখা যায়নি।



