সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা ঘরে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বাড়ির অন্দরমহলে গোড়ালির উপর জল। কোনও বাড়িতে জল হাঁটু ছুঁয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, জলে ভেসে ঢুকছে সাপ, বিষাক্ত পোকামাকড়। খাটে রান্না করতে হচ্ছে অনেককে। সংসার কার্যত পাততে হয়েছে খাটের উপর। দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের পশ্চিম সংগঠনের যুব সম্পাদক গোপাল মণ্ডল ভুক্তভোগীদের একজন। তিনি বলেন, এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা নেই । জল বের হওয়ার মতো পরিস্থিতি নেই। ফলে শুকদেবপুর বিবেকানন্দ পার্ক, নস্করপাড়া, বঙ্কিমপল্লি সহ বহু এলাকা জলমগ্ন। কয়েকশো বাড়িতে জল ঢুকে গিয়েছে। বন্দি মানুষ। রাস্তার আলো বেশ কিছুদিন ধরে খারাপ। পুরসভার কাছে বারবার দরবার করা হয়েছে। কাউন্সিলারকে বলা হয়েছে। কিন্তু কাউন্সিলার বলেছেন, এই অংশ নিচু এলাকা। সেখানে বাড়ি তৈরি করলে এখন পুরসভার কি করবে? গোপালবাবুর বক্তব্য, কাউন্সিলারের কোনও হেলদোল নেই। এ বিষয়ে মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস বলেন, ‘ওই জায়গায় আগে জল জমত। কারণ খুব নিচু এলাকা। বাম আমল থেকে জলা জায়গা ভরাট করে মানুষ জেনেশুনে বাড়ি করেছেন। এখন ফল ভুগছেন। পুরসভা কি করতে পারে এখন?’ নিজস্ব চিত্র



