Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুরসভার প্রিন্টিং বিভাগের ঘর থেকে সাপ উদ্ধার, আতঙ্কিত কর্মীরা

কলকাতা পুরসভার প্রিন্টিং বিভাগের ঘর থেকে সাপ উদ্ধার, আতঙ্কিত কর্মীরা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ে ফের দেখা মিলল সাপের। তবে বিষধর নয়, নির্বিষ। বুধবার পুরভবনের প্রিন্টিং বিভাগের ঘরে একটি ছোট সাপ দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। বনদপ্তরকে খবর দেওয়া হলে তারা এসে সাপটিকে ব্যাগবন্দি করে নিয়ে যায়। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন অফিস খোলার পর প্রিন্টিং বিভাগের এক অফিসারের টেবিলের তলায় সরু ছোট সাপটি দেখা যায়। ঘর সাফাই করতে আসা কর্মীই প্রথম সাপটি দেখতে পান। নিরাপত্তা কর্মী নিরুপম ভট্টাচার্য বলেন, ‘আচমকা সাফাই কর্মীর চিৎকারে ছুটে আসি। দেখি টেবিলের তলা থেকে সাপটি টেবিলের পায়া বেয়ে উঠে ড্রয়ারে ঢুকে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে ঘরের মধ্যে এদিক-ওদিক যাচ্ছিল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর খবর দেওয়া হয় বনদপ্তরে। প্রিন্টিং বিভাগের কর্মী স্বপন পাণ্ডা বলেন, ‘ঘরে এত চেয়ার-টেবিল, আলমারি আছে। প্রচুর ফাইল এবং কাগজের স্তূপ রয়েছে। তার ভিতরে কোথায় কখন সাপ ঢুকে থাকবে, ভেবেই তো ভয় লাগছে। আগেও সাপ দেখতে পাওয়া গিয়েছিল।’ 
সাপ ধরতে আসা বনদপ্তরের কর্মী রতন বিশ্বাস বলেন, ‘এই সাপে ভয় পাওয়ার কিছু নেই। এটি বেতআচড়া সাপ। মূলত গাছে থাকে। হয়তো টিকটিকি বা পোকামাকড় খাওয়ার জন্য অফিসঘরে ঢুকে পড়েছিল। এই সাপের বিষ নেই।’ উল্লেখ্য, কিছুদিন আগে পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে একটি বড়সড় সাপের দেখা মিলেছিল। তার কয়েকদিন পর পুরভবনের ব্যালকনিতে সাপ ঘুরতে দেখা যায়। তবে এই দুই ক্ষেত্রে বনদপ্তরের কর্মীরা এসে সাপের দেখা পাননি। এই অবস্থায় সাপ ধরা পড়লেও আতঙ্ক কাটছে না পুরকর্মীদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ