চেন্নাই: ধুন্ধুমার ক্রিকেটের অপেক্ষায় পারথ। বাইশ গজে ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়া মানেই আলাদা উন্মাদনা। স্যার ডনের দেশে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে দু’পক্ষই তাল ঠুকছে। রবিচন্দ্রন অশ্বিন বনাম স্টিভ স্মিথের দ্বৈরথের দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা। অজিদের বরাবরই সমস্যায় ফেলেছে অশ্বিনের স্পিন। পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ টেস্টে ১১৪ টি উইকেট রয়েছে দক্ষিণী স্পিনারের। কম যান না স্মিথও। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁর ব্যাট যেন খাপ খোলা তরবারি। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাত্র ১৯ টেস্টে স্মিথের দখলে ২০৪২ রান। আসন্ন গাভাসকর-বর্ডার ট্রফিতেও প্যাট কামিন্সদের ব্যাটিং লাইন আপে বড় ভরসা স্মিথ। স্পিনের বিরুদ্ধে দুরন্ত ফুটওয়ার্ক আর নিখুঁত গেম প্ল্যান তাঁর সাফল্যের রসায়ন।
Advertisement
ঠিক কী বলেছেন অশ্বিন? সিনিয়র ভারতীয় স্পিনার সাধারণত লম্বাচওড়া কথায় বিশ্বাসী নন। তবে এবার কিছুটা ব্যতিক্রমী ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আইপিএলে পুনে সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসে অশ্বিনের সতীর্থ ছিলেন স্মিথ। দীর্ঘদিন একসঙ্গে ঘর করার ফলে ত্রুটি, দুর্বলতা অজানা নয়। অশ্বিন বলেছেন, ‘স্টিভ অসাধারণ ব্যাটার। লম্বা ইনিংসের নেপথ্যে দীর্ঘ ভাবনা কাজ করে। তবে ওঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর রাস্তা অজানা নয়।’ অস্ট্রেলিয়ার বাইশ গজ কখনওই স্লো টার্নার নয়। লাইন ও লেংথে নির্ভুল হওয়া প্রয়োজন। অতীতে পিচের বাউন্স কাজে লাগিয়ে উইকেট তুলে নিয়েছেন অনিল কুম্বলে। পাশাপাশি অশ্বিনের ক্যারম বলও ব্রক্ষ্মাস্ত্র হতে পারে। সব মিলিয়ে ক্যাঙারুর দেশে সাফল্য পেতে মরিয়া ভারতীয় স্পিনার। দীর্ঘ সফরের আগে বুধবার নেট প্র্যাকটিসে নিজেকে নিংড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। আত্মবিশ্বাসী অশ্বিনকে দেখে আশাবাদী ক্রিকেটপ্রেমীরাও।



