নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজস্ব বাড়াতে সম্পত্তিকর আদায়ের উপর বিশেষ জোর দিচ্ছে বিধাননগর পুরসভা। বকেয়া সম্পত্তিকর আদায়ে এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাড়ি বাড়ি পাঠানোর পরিকল্পনা নিয়েছে। মহিলাদের হাতে ইউপিআই বা অনলাইন পেমেন্টের অ্যাপ থাকবে। অর্থাৎ বকেয়া সম্পত্তিকর অনলাইনেই পেমেন্ট করতে পারবেন নাগরিকরা। এক থেকে ২৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত যে সব এলাকায় এখনও মিউটেশন বকেয়া আছে সেখানে তা করানোর উপর বাড়তি গুরুত্ব দিয়েছে পুর কর্তৃপক্ষ। মিউটেশন হলে তবেই সম্পত্তিকর আদায় হবে। ফলে আগের তুলনায় রাজস্ব বাড়বে।
Advertisement
২০২৫-২০২৬ আর্থিক বছরে সম্পত্তিকর বাবদ ৪৪ কোটি টাকা আদায় করার প্রস্তাব নিয়েছে পুরসভা। গতবছর ছিল ৪০ কোটি টাকা। অর্থাৎ এবার আরও চার কোটি টাকা অতিরিক্ত আদায় করার প্রস্তুতি নিচ্ছে পুরসভা। প্রসঙ্গত বিধাননগর পুরসভা এবং রাজারহাট-গোপালপুর পুরসভা নিয়ে ২০১৫ সালে তৈরি হয় বিধাননগর কর্পোরেশন। কিন্তু একই পুরসভার অন্তর্গত হলেও এখনও সল্টলেক এবং রাজারহাট এলাকার সম্পত্তিকর পৃথক। কারণ এই দুই পুরসভার সম্পত্তিকর আগে আলাদা ছিল। কর্পোরেশন তৈরির পরও তা একই থেকে গিয়েছে। তবে গোটা বিধাননগর পুর এলাকায় একই সম্পত্তিকর চালু করতে ৪১টি ওয়ার্ডের পুনর্মূল্যায়ণের উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ। ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট প্রস্তাবেও পুনর্মূল্যায়ণের প্রস্তাব পাশ হয়েছিল। তাতে বলা ছিল, এই উদ্যোগ কার্যকর করার জন্য পুরসভার পক্ষ থেকে শীঘ্রই পশ্চিমবঙ্গ মূল্যায়ন পর্ষদের কাছে আবেদন করা হবে। পর্ষদের নির্দেশ কার্যকর হবে। জানা গিয়েছে, পুরসভায় অন্তর্ভুক্তি হলেও ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এখনও খাজনা দিতে হয়। তাই পুরসভার পক্ষ থেকে তাঁদের বাড়ির মিউটেশনের কাজ শুরু হয়েছে। যাঁদের মিউটেশন হয়ে গিয়েছে তাঁদের সম্পত্তিকর দিতে নোটিস পাঠানো হচ্ছে। সম্পত্তিকরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী বলেন, এক থেকে ২৮ নম্বর ওয়ার্ডে মিউটেশনের উপর আমরা বিশেষ জোর দিয়েছি। ফলে সম্পত্তিকরের পরিমাণ বাড়বে। বকেয়া কর আদায়ের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের পাঠানোর কথা আমরা ভাবছি। তাঁদের কাছে অনলাইন পেমেন্ট নেওয়ার সুবিধা থাকবে। ফলে বাসিন্দারা অন স্পট পেমেন্ট করতে পারবেন।



