নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সম্পত্তি কর বাবদ বছরে বারাকপুর পুরসভার আয় হয় প্রায় পাঁচ কোটি টাকা। এই আয় আরও বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। তাই বারাকপুর শহরে থাকা রাজ্য সরকারের ৩৯টি প্রতিষ্ঠানের কাছে বকেয়া সম্পত্তি করের বিল পাঠাল তারা। গত অর্থবর্ষে বারাকপুর পুলিস কমিশনারেটের অফিস, লাটবাগান সহ বিভিন্ন সরকারি অফিসের বকেয়া সম্পত্তি করের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ২ হাজার ৮৯৫ টাকা। তা মেটানোর জন্য রাজ্য সরকারের কাছে দরবার করছে পুরসভা।
Advertisement
সম্পত্তি কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না করার জন্য বারাকপুর পুরসভা সহ বেশ কয়েকটি পুরসভাকে বরাদ্দ অর্থ দেয়নি পঞ্চদশ অর্থ কমিশন। সেইজন্যই সম্পত্তি কর বাবদ আয় আরও বৃদ্ধি করতে বিশেষভাবে উদ্যোগী হয়েছে পুরসভা। রাজ্য সরকারের পাশাপশি কেন্দ্রীয় সরকার সহ বেসরকারি অ-বাণিজ্যিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফাঁকা জমি বা পুকুর থেকে সম্পত্তি কর বাবদ কত টাকা আয় হয় এবং সেই আয় কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সেই নিয়ে দপ্তরের অফিসারদের সঙ্গে আলোচনা করেছেন পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। এনিয়ে তিনি বলেন, রাজস্ব ক্ষেত্রে আয় বৃদ্ধিই আমাদের লক্ষ্য। নিজস্ব সূত্রে আয় বাড়িয়ে পুরসভকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে চাই। তাই রাজ্য সরকারের প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে যেখানে যত সম্পত্তি কর এখনও বকেয়া রয়েছে, তা আদায় করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।



