নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাবধান! কলকাতা মহানগরীর রাস্তাঘাটে যত্রতত্র থুতু, পান-গুটখার পিক ফেললে এবার থেকে মোটা টাকা জরিমানা গুনতে হতে পারে! শুধু পান বা গুটখার পিক নয়, প্রকাশ্যে ধূমপান করলেও একই শাস্তি হতে পারে। এতদিন বাদে হঠাৎ করে দোলের মুখে এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শহরবাসীকে সচেতন করতে মাঠে নেমেছে লালবাজার।
সোশ্যাল মিডিয়া পেজে কলকাতা পুলিসের এই পোস্টের জেরে জনমানসে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ কলকাতা পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকেই সমাজ মাধ্যমে লিখছেন, ‘ভাবা যায়! ২০০১ সালে বাম আমল থেকে এমন আইন রয়েছে। তাহলে এতদিন পুলিস কিছু করেনি কেন?’ আবার কেউ কেউ কলকাতা পুলিসকে কটাক্ষ করে লিখেছেন, ‘দেখেছেন গুটখার পিকে হাওড়া ব্রিজটার কী হাল হয়েছে?’
ঠিক কী বলা হয়েছে ২০০১ সালের ওয়েস্ট বেঙ্গল প্রোহেবিটেশন অব স্মোকিং অ্যান্ড স্পিটিং আইনে? কলকাতার রাস্তায় পান-গুটখার পিক ফেলে বা প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে পুলিসের হাতে প্রথমবার ধরা পড়লে একজন ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা গুনতে হবে। দ্বিতীয়বার একই অপরাধে ধরা পড়লে জরিমানা গুনতে হবে ২০০০ টাকা। এখানেই শেষ নয়, একই অপরাধের পুনরাবৃত্তি হলে সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা গুনতে হবে ৫০০০ টাকা!
লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ‘এতদিন পুলিসের হাতে আইন থাকলেও এনিয়ে ধরপাকড় করা হয়নি। কিন্তু খুব তাড়াতাড়ি এনিয়ে কলকাতা শহরে অভিযানে চালাতে পারে কলকাতা পুলিস। জনস্বাস্থ্যরক্ষা এবং শহরকে পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ নিচ্ছে লালবাজার।’ তাই ধূমপায়ী এবং পান–গুটখাতে আসক্ত ব্যক্তিদের বাস-ট্রামের মতো গণপরিবহণ চলার সময় এবার থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। না হলেই জরিমানার টাকা গুনতে হবে। -ফাইল চিত্র