নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কান্ডে অন্যতম অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল নিজের মোবাইল ফোনের সিম ফেরত চেয়ে শুক্রবার শিয়ালদহ আদালতে আর্জি জানিয়েছেন। আগামী সোমবার এর শুনানির দিন ধার্য হয়েছে। বর্তমানে জামিনে রয়েছেন অভিজিৎ মন্ডল। আর জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে নেমে অভিজিৎ মন্ডলের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। পাশাপাশি আর জি কর মামলার সাপ্লিমেন্টরি চার্জশিট ও তদন্তের অগ্রগতি সম্পর্কে অবগত হতে চেয়ে মৃতার পরিবারের তরফে আইনজীবী অমর্ত্য দে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এই মর্মে আদালত সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট তলব করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আগামী সোমবার সিবিআইকে রিপোর্ট পেশ করতে হবে বলে দিন ধার্য করেছে আদালত।



