Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তাপমাত্রার সামান্য পতন, সাময়িক হালকা শীতের আমেজ কলকাতায়

কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা উপরে চলে গিয়েছিল। রবিবার ছুটির দিনে ফের তাপমাত্রার কিছুটা পতন হয়েছে।

তাপমাত্রার সামান্য পতন, সাময়িক  হালকা শীতের আমেজ কলকাতায়
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা উপরে চলে গিয়েছিল। রবিবার ছুটির দিনে ফের তাপমাত্রার কিছুটা পতন হয়েছে। কলকাতাসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এবং তা স্বাভাবিকের নীচেই ছিল। এদিন সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তাতে অল্প হলেও শীতের আমেজ কিছুটা ফিরে এসেছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এটা নিতান্তই সাময়িক ব্যাপার। এখন তাপমাত্রা এরকমই ওঠানামা করবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তাপমাত্রা ওঠানামার কারণ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। একের পর এক ঝঞ্ঝা আসছে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায়।

Advertisement

দুটি ঝঞ্ঝার মধ্যবর্তী সময়ে সামান্য ব্যবধানে উত্তুরে হওয়া কিছুটা সক্রিয় হতেই রবিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সব জায়গাতেই কমেছে। প্রায় সব স্থানেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ছিল এদিন। দক্ষিণবঙ্গে শীতলতম জায়গা ছিল কল্যাণী। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ছিল, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে  সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পুন্ডিবাড়িতে, যা ১১.৩ ডিগ্ৰি। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা এদিন স্বাভাবিকের চেয়ে সামান্য কম বা বেশি ছিল। দুটি পশ্চিমি ঝঞ্ঝার মধ্যে বেশ কয়েকদিনের ফারাক পাওয়া গেলে উত্তুরে হাওয়া খানিকটা সক্রিয় হবে। তাতে দক্ষিণবঙ্গে ফের কিছুটা শীতের আমেজ ফিরতে পারে। তবে ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তেমন নেই। মনে করছেন আবহাওয়াবিদরা। এইসময় কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে, শীতের মাত্রা স্বাভাবিকভাবেই বেশি থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ