সইফ আলি খান অভিনীত ‘ককটেল’ ছবির সিক্যুয়েল আসছে। তবে আগের ছবির কোনও অভিনেতা-অভিনেত্রী থাকছেন না সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, ‘ককটেল ২’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন শাহিদ কাপুর। ম্যাডক ফিল্মস তথা দীনেশ বিজানের সঙ্গে দীর্ঘদিন ধরেই একাধিক ছবির বিষয়ে আলোচনা করছিলেন শাহিদ। অবশেষে ‘ককটেল ২’ চূড়ান্ত হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ হননি অভিনেতা। এই প্রযোজনা সংস্থার অধীনে এর আগে ‘তেরি বাতোঁ ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে কাজ করেছিলেন শাহিদ। শোনা যাচ্ছে, ‘ককটেল’ ছবির রেফারেন্স থাকবে সিক্যুয়েলে। তবে গল্প সম্পূর্ণ নিজস্ব ধারায় এগবে বলেই জানাচ্ছেন নির্মাতারা। পুরনো ছবির গল্পকেই নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। সেজন্য বর্তমানে চিত্রনাট্যের দিকে মন দিয়েছেন নির্মাতারা। তবে এক্ষেত্রে বাড়তি সাবধানী তাঁরা। এর আগে ‘লাভ আজ কাল’ ছবির সিক্যুয়েল প্রযোজনা করেছিলেন দীনেশ। কার্তিক আরিয়ান ও সারা আলি খান অভিনীত সেই ছবি তেমন ভালো ফল করেনি। তাই এ ছবি নিয়ে বাড়তি সতর্ক তাঁরা। ‘ককটেল ২’তে মুখ্য চরিত্রে কোন অভিনেত্রী থাকবেন, তা এখনও চূড়ান্ত নয়। শীঘ্রই ঘোষণা হতে পারে এই ছবির।



