‘সিং ইজ কিং’ ছবির কথা মনে আছে আপনার? ২০০৮ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটি। অ্যাকশন কমেডি ঘরানার এই ছবির সিক্যুয়েল আসছে বলে খবর। চলচ্চিত্র নির্মাতা শৈলন্দ্র সিং এই ছবিটি তৈরি করবেন। সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হবে শ্যুটিং। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গিয়েছে। অভিনয়ে কারা থাকছেন? উত্তরে তিনি জানান, রণবীর সিং নির্মাতাদের প্রথম পছন্দ। কারণ তাঁর এনার্জি এই ছবির সম্পদ হয়ে উঠবে। ইতিমধ্যে নির্মাতারা রণবীরের সঙ্গে আলোচনা করেছেন বলে খবর। যদি কোনও কারণে রণবীর রাজি না হন, সেক্ষেত্রে দিলজিৎ দোসাঞ্জও রয়েছেন তাঁদের পছন্দের তালিকায়। ছবিটি পরিচালনা করতে পারেন আনিস বাজমি বা প্রিয়দর্শন।



