নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মাত্র তিন টাকায় এক প্লেট চাউমিন। দু’টাকায় ঘুগনি। এক টাকায় দু’পিস ফুচকা। মেলায় এত সস্তা দামেই বিক্রি হল এইসব খাবার। আবার পিঠেপুলি থেকে পকোড়া, ম্যাগি, পাস্তা, আলু পরোটাও ছিল স্টলে। সেগুলির দামও ছিল এক-দু’টাকার মধ্যে। মেলায় সেইসব খাবার দেখে কিনতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। অভিনব এই খাদ্যমেলার আয়োজন করে আরামবাগের কালীপুরের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার স্কুল খোলার পর মেলা শুরু হয়। দুপুরের মধ্যেই কার্যত সব খাবার শেষ হয়ে যায়। স্টলের দায়িত্বে ছিল পড়ুয়ারাই। বিক্রি শেষে শিক্ষকদের হাতেই তুলে দেয় আয়ের টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা নিজেদের হাতে সেইসব খাবার তৈরি করে খাদ্যমেলায় নিয়ে আসে। এদিন ওই প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ ও খাদ্যমেলা জমজমাট হয়ে ওঠে। অভিভাবকদের অনেকেও এদিন স্কুলে আসেন।
Advertisement
দীপা, নুসরাত, অনুরাগ, অঙ্কিতা, ইসরাতরা স্টল সাজায়। কারও স্টলে পিঠেপুলি, কারও কাছে আবার ফুচকা। কেউ ঘুগনি বা চাউমিনের পসরা সাজিয়ে বসে। তা কিনতে ভিড় জমায় অন্য ক্লাসের পড়ুয়ারা। একইসঙ্গে শিশুদের মায়েরাও অনেকে তা কিনে খান। এদিনের খাদ্যমেলা ঘুরে দেখে পড়ুয়াদের উৎসাহ দেন আরামবাগ পুরসভার ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃপ্তি কুণ্ডু। স্কুলের প্রধান শিক্ষক অরুণ নন্দী বলেন, একসঙ্গে মিলেমিশে কাজ করা, হিসেব শেখা ও কেনাবেচার ধারণা তৈরি করতেই শিক্ষাদপ্তরের নির্দেশে একদিনের খাদ্যমেলার আয়োজন করা হয়। এদিন পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যার বেশি বিক্রি হয়েছে তাকে স্কুলের তরফে উপহারও দেওয়া হয়। অভিভাবক ঋতু ভট্টাচার্য, মামনি মালিকরা বলেন, আমাদের সময়ে স্কুলে এমন খাদ্যমেলা হতো না। কিন্তু এখন ছেলেমেয়েদের দৌলতে স্কুলে খাদ্যমেলায় এলাম। ওরা খুবই আনন্দ পেল।



