বধূর বয়ান থেকে স্কেচ, ধৃত অভিযুক্ত
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এক বছর আগে মে মাসে ভরদুপুরে বৃষ্টির মধ্যে এক গৃহবধূ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বারুইপুরের শাঁখারিপুকুর বটতলা থেকে রামনগর বাজার যাওয়ার রাস্তায় এক ব্যক্তি তাঁর মুখ চেপে বাগানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হয়। নির্যাতিতার বয়ান শুনে সিআইডি থেকে শিল্পী নিয়ে এসে অভিযুক্তর স্কেচ আঁকায় বারুইপুর থানার পুলিশ। তারপর অভিযুক্তকে চিহ্নিত করে তাঁর ছবি নির্যাতিতাকে দেখায় পুলিশ। তিনি শনাক্ত করার পরে বারুইপুর থানার এস আই অর্ঘ্য মণ্ডলের নেতৃত্বে পুলিশ অভিযুক্তকে শুক্রবার রাতে বারুইপুর পুরাতন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জলিল মোল্লা। বাড়ি কুমোরহাট এলাকায়। পেশায় টোটোচালক।  তদন্তকারী অফিসার বলেন, ২০২৫ সালের ২৭ মে ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযুক্তর নাম বা বর্ণনা প্রথমে কিছুই দিতে পারেননি। পরে তিনি ধীরে ধীরে অভিযুক্তের বর্ণনা দিতে সক্ষম হন। তার উপর ভিত্তি করে স্কেচ তৈরি হয়।