Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেকি করতে এসে পুলিসের হাতে গ্রেপ্তার ছয় দুষ্কৃতী

রেকি করতে গিয়ে পুলিসের জালে ছয় দুষ্কৃতী। হরিরামপুরে পুলিসের নাকা তল্লাশিতে জালে পড়েছে তারা।

রেকি করতে এসে পুলিসের হাতে গ্রেপ্তার ছয় দুষ্কৃতী
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: রেকি করতে গিয়ে পুলিসের জালে ছয় দুষ্কৃতী। হরিরামপুরে পুলিসের নাকা তল্লাশিতে জালে পড়েছে তারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের নাম জাকারিয়া সিদ্দিকী, সত্যেন মাহাতো, অর্ণব মাহাতো, কৌশিক মাহাতো, জগন্নাথ ঠাকুর ও শুভজিৎ মাহাতো। তাদের বাড়ি মালদহ জেলার গাজোল থানা এলাকায়। বৃহস্পতিবার মাঝরাতে হরিরামপুর থানা এলাকার হাসপাতাল সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে নাকা তল্লাশি চালাচ্ছিলেন পুলিসকর্মীরা। সেই সময় দৌলতপুর  রাজ্য সড়ক দিয়ে একটি বিলাসবহুল গাড়ি হরিরামপুরের দিকে আসছিল। পুলিস তল্লাশি চালানোর জন্য গাড়িটি আটকায়। সেটির উইন্ডস্ক্রিনে লেখা ছিল মিডনাইট। যা দেখে সন্দেহ হয় পুলিসের। গাড়ির সামনে যেতেই পুলিসকর্মীরা দেখতে পান গাড়িটিতে থাকা ছ’জন অপ্রস্তুত হয়ে যায়। কিছু একটা লুকোনোর চেষ্টা করে তারা। গভীর রাতে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে উত্তর দিতে না পারায় সন্দেহ আরও বাড়ে পুলিসের। তল্লাশিতে দুটি আগ্নেয়াস্ত্র, একটি  চাকু, চারটি লাঠি, দড়ি, লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়। তারপরেই পুলিস যুবকদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে বিলাসবহুল গাড়িটি। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা রাতে রেকি চালাচ্ছিল। 

Advertisement

উদ্দেশ্য ছিল ব্যাঙ্কের এটিএম, ব্যাঙ্ক ও সাধারণ বাড়ি ও বড় দোকানে ডাকাতি করা। তবে দুষ্কৃতীরা মালদহ থেকে জেলায় এসে কোথায় কোথায় ডাকাতি করার পরিকল্পনা করছিল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিসের একটি সূত্রের খবর, গঙ্গারামপুর, বংশীহারি ও হরিরামপুর থানা এলাকায় রেকি করেছে দুষ্কৃতী দলটি। বড় কোনও চক্র বলেই প্রাথমিক তদন্তে অনুমান। এদিন দুষ্কৃতীদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিস। 
বিচারক অভিযুক্তদের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার বলেন, জেলায় যাতে দুষ্কৃতী কার্যকলাপ না ঘটে, তার জন্য জাতীয় ও রাজ্য সড়কে পুলিস রাতে নাকা তল্লাশি চালায়। দুষ্কৃতীদের টার্গেট কোন কোন জায়গা ছিল, তদন্ত করে দেখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ