বেঙ্গালুরু: করোনা পর্বে বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে আইপিএলে বল পালিশে থুতু ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ক্যাপ্টেনদের মিটিংয়ে এই প্রস্তাব পাশ হয়। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তে খুশি মহম্মদ সিরাজ। গুজরাত টাইটান্সের তারকা পেসার এক সাক্ষাত্কারে বলেন, ‘বোলারদের জন্য এটা খুবই ভালো খবর। কারণ, ব্যাটিং সহায়ক উইকেটে বোলাররা অনেক সময় অসহায় হয়ে পড়ে। বলে থুতু ব্যবহার করলে রিভার্স সুইংয়ের সম্ভাবনা বেড়ে যায়।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার মহম্মদ সিরাজকে রিটেইন করেনি। মেগা নিলামে ভারতীয় তারকা পেসারকে কিনেছে গুজরাত টাইটান্স। নতুন ফ্র্যাঞ্চাইজিতে শুভমান গিলের নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। সিরাজের কথায়, ‘আরসিবি’তে থাকাকালীন বিরাট ভাই খুবই সাপোর্ট করেছে। তাই দল ছাড়ার মুহূর্তটা অবশ্যই আবেগঘন ছিল। তবে গুজরাতে যোগ দিতে পেরে খুশি। সবচেয়ে বড় ব্যাপার শুভমানের নেতৃত্বে খেলব। সত্যি বলতে, ও বোলারদের ক্যাপ্টেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নের পুরো স্বাধীনতা দেয়। তাছাড়া ও খুব ভালো বন্ধুও। অস্ট্রেলিয়ার মাটিতে শুভমান ও আমার একইসঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল।’
গুজরাত টাইটান্সের বোলিং বেশ শক্তিশালী। পেস বিভাগে সিরাজ ছাড়াও রয়েছেন কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েৎজি, ইশান্ত শর্মা। স্পিনে প্রধান অস্ত্র রশিদ খান। সিরাজের বক্তব্য, ‘আমাদের বোলিং বিভাগ খুবই অভিজ্ঞ। আইপিএলের মতো প্রতিযোগিতায় যা খুবই জরুরি। তাছাড়া স্বাস্থ্যকর প্রতিযোগিতাও দলের জন্য ভালো।’ সম্প্রতি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও তাঁকে রাখা হয়নি। এই প্রসঙ্গে হায়দরাবাদি পেসারের মন্তব্য, ‘দল নির্বাচন তো আমার হাতে নেই। যেটা আছে তা হল, বল হাতে সেরা পারফরম্যান্স মেলে ধরা। সেটাই করে যেতে চাই। অন্য কিছু নিয়ে ভেবে চাপ বাড়াতে নারাজ।’